২০ এপ্রিল শুক্রবার সারা দেশের ২৮টি হলে মুক্তি পেয়েছে সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমা ‘এক মন এক প্রাণ’। প্রযোজক জানাচ্ছেন, ভালো চললেও দর্শক কম আসায় ব্যয়বহুল এ সিনেমাটি নির্মাণ করতে যে পরিমাণ খরচ হয়েছে তা ফেরত আসা অনিশ্চিত।
কেমন চলছে ‘এক মন এক প্রাণ’? এমন প্রশ্নের জবাবে সিনেমার প্রযোজন মো. খোরশেদ আলম জানিয়েছেন, ‘সিনেমাটি বেশ ভালো চলছে। তবে যে পরিমাণ টাকা এতে খরচ হয়েছে সেই পরিমাণ টাকা ফেরত আসবে কিনা বুঝতে পারছি না।’
খোরশেদ আলম আরো জানিয়েছেন, ‘শাকিব খানকে নেওয়াতে সিনেমার খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু দর্শকই হলে আসছেন কম।’
সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আলী রাজ, মিশা সওদাগর, তমা মির্জা প্রমুখ।
পরিচালক সোহানুর রহমান সোহান ‘এক মন এক প্রাণ’ সিনেমার কাহিনী প্রসঙ্গে জানিয়েছেন, ‘রিকশাওয়ালার ছেলে শাকিব খান। একসময় শাকিবের সঙ্গে পরিচয় ও প্রেম হয় অপু বিশ্বাসের। তখনই দৃশ্যপটে আসে তমা মির্জা। ত্রিভুজ প্রেমের আবহ সৃষ্টি হয়। এরই মধ্যে শাকিব ঝামেলায় জড়িয়ে পড়েন ভিলেন মিশা সওদাগরের সঙ্গে। তবে সবশেষে প্রেম ও সত্যের জয় হয়।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/ওএস/এইচবি/এপ্রিল ২২/১২