বিনোদন খবর

আরজ চরিতামৃত আবারো মঞ্চে

ArojAliMatubborদীর্ঘদিন পর আবারো দার্শনিক আরজ আলী মাতব্বরকে নিয়ে রচিত নাটক আরজ চরিতামৃত মঞ্চস্থ করতে যাচ্ছে নাট্যকেন্দ্র। জানা গেছে, ১২ মার্চ সন্ধ্যা ৭ টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটি প্রদর্শিত হবে।

নাটকটি রচনা করেছেন মাসুম রেজা আর পরিচালনা করেছেন তারিক আনাম খান। পরিচালক গ্লিটজকে জানিয়েছেন, ‘১০ বছর আগে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিলো মহিলা সমিতির থিয়েটার হলে। মাঝে এর প্রদর্শনী বন্ধ থাকলেও আবারো নাটকটির প্রদর্শনী শুরু হয়েছে।’

'নতুন প্রজন্ম' এর শততম প্রদর্শনী

সংলাপ গ্রুপ থিয়েটারের প্রযোজনা ‘নতুন প্রজন্ম’এর শততম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে ৯ মার্চ মিরপুরে। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন রফিকুল আলম।

জানা গেছে, সংলাপ গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠাতা রফিকুল আলম এর ৬০তম জন্ম বার্ষিকী উপলে শততম মঞ্চায়নের পাশাপাশি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

২ বছর পর নতুন বিজ্ঞাপনে মোনালিসা

Monalisaসম্প্রতি মডেল মোনালিসা নতুন একটি টিভি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন। জানা গেছে বিজ্ঞাপনটি একটি রিয়েল এস্টেট কোম্পানির।

দীর্ঘদিন পর আবারো কোনো বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন মোনালিসা। সর্বশেষ বিজ্ঞাপনটির কাজ করেছিলেন প্রায় ২ বছর আগে। বাংলালিংক দেশ-এর সেই বিজ্ঞাপনটির পর মোনালিসাকে আর কোনো বিজ্ঞাপনে দেখা যায়নি।

সত্যি নয় গুজব!

Mariah Carryপপ ডিভা মারায়্যা ক্যারি সন্তান সম্ভবা এমনতরো খবর হলিউডে চাউর হয়ে পড়লেও সম্প্রতি জানা গেছে খবরটি নিছক রটনাই। খবর পপ ইটারের।

ম্যাডোনার ফ্যাশন লাইন

madonnaসম্প্রতি জানা গেছে, শিগগিরি নিজস্ব ফ্যাশন লাইনের উদ্বোধন করতে যাচ্ছেন পপ কুইন ম্যাডোনা। জানা গেছে, পপ কুইন যৌথ ভাবে এটি শুরু করতে যাচ্ছেন অ্যাকনিক্স ব্র্যান্ড গ্রুপের সঙ্গে। প্রধানত তরুণদের কথা ভেবেই ফ্যাশন লাইনটি তাদের যাত্রা শুরু করছে। খবর কন্ট্যাক্টমিউজিকের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ম্যাডোনার ডাক নাম ‘ম্যাটেরিয়াল গার্ল’ অনুসারেই ফ্যাশন হাউজটির নামকরণ করা হয়েছে। নতুন এই প্রতিষ্ঠানটির অর্ধেক অংশীদারিত্ব থাকছে এমজি আইকনের। আর বাকি অর্ধেক মালিকানা ম্যাডোনা ও তাঁর ম্যানেজার গুয়ি ওসিরের। জানা গেছে, প্রতিষ্ঠানটি পণ্যেও জনপ্রিয় এই কন্ঠশিল্পীর নামটি ব্যবহার করবে।

গায়িকা পর অভিনেত্রী এবারে লেখিকা

HilaryDuffসম্প্রতি জানা গেছে, গায়িকা অভিনেত্রী হিলারি ডাফ নাকি গান, অভিনয় এরপরে এবারে হতে চলেছেন লেখিকাও। জানা গেছে, ২২ বছর বয়সী এই তারুণ্যদীপ্ত সেলেব্রেটি নাকি ইতোমধ্যে তরুণদের জন্য একটি বই লেখার কাজে হাত দিয়েছেন। খবর কন্ট্যাক্টমিউজিকের।

আবারো বিবিসি বাজ

BBCBuzzটিভি পর্দায় আবার দেখা যাবে বিবিসি বাজ। জানা গেছে, তরুণদের নিয়ে বানানো এই ম্যাগাজিন অনুষ্ঠানটি দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পরে আবারো সম্প্রচারিত হতে যাচ্ছে এটিএন বাংলায় ।

ব্রুক এর অনীহা

Brooke_Shieldসম্প্রতি মার্কিন সুন্দরী ‘ব্লু লেগুন’ খ্যাত ব্রুক শীল্ডস জানিয়েছেন যে, তিনি চান না তার দুই কন্যা তারই মতো এই খ্যাতি আর মোহের মায়াঞ্জন মাখা তড়িৎ বিস্মরণের বিনোদন জগতে পা রাখুক। ব্রুক মনে করেন, তারকাখ্যাতির বিষয়টি অনেকটা নেশার মতোই। আর এ জীবনে রয়েছে ভয়ংকর সব উত্থান পতন। খবর অ্যাকসেস হলিউডের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৪৪ বছর বয়স্কা এই তারকা অভিনেত্রী তার শৈশবেই অভিনয় আর মডেলিং এ জড়িয়ে পড়েছিলেন। যদিও তা উপভোগ করেছেন ব্রুক, কিন্তু তিনি চান না যে তার মতোই ৬ বছরের রোয়ান আর ৩ বছরের গ্রিয়ার তার পদাংক অনুসরণ করুক।

বিরতির পর ছদ্মবেশে রুনা খান

RunaKhan0406.jpgপ্রায় ৫ মাসের দীর্ঘ বিরতির পর রুনা খান আবারো মিডিয়াতে ব্যস্ত হচ্ছেন । রুনার ঘরে নতুন অতিথি আসার কারণে তিনি গত ৫ মাস ধরে কোনো নাটকের শুটিং করেন নি। বিরতির শেষে এ মাসের শেষে তিনি আবারো কাজ শুরু করছেন বলেই জানিয়েছেন তিনি।

গ্লিটজকে রুনা জানিয়েছেন, এ মাসের ৩১ তারিখে ‘আমাদের সংসার’ নামের একটি নাটকের শুটিং করবেন তিনি। নাটকটি ইদ্রিস হায়দারের পরিচালনায় নির্মিত হচ্ছে।

মরীয়া ভিক্টোরিয়া

Victoria Beckhamস্পাইস গার্ল খ্যাত ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যাম নাকি মার্কিন ফাস্ট লেডী মিশেল ওবামার জন্য পোশাকের নকশা করতে একেবারে উদগ্রীব হয়ে আছেন। জানা গেছে, মিশেলের জন্য একটি পোষাকের নকশা করার জন্য তার আর নাকি তর সইছেনা। খবর পপ ইটারের।

গান বাজনা ছেড়ে পোশাকের নকশার কাজে লেগে থাকা এই ফ্যাশন তারকা যুক্তরাষ্ট্রের আরো বেশ কয়েকজন বিখ্যাত জনের পোশাকের ডিজাইন করেছেন। এর মধ্যে রয়েছেন গায়িকা অভিনেত্রী জেনিফার লোপেজ, অভিনেত্রী সারা জেসিকা পারকার এবং ড্রিউ ব্যারিমোর এর মতো তারকাও।

কিং খানের ১ম সুপারহিরো ছবি 'রা ডট ওয়ান'

ShahrukhKhanবলিউড তারকা শাহরুখ খান তাঁর পয়লা সুপার হিরো ছবি ‘রা ডট ওয়ান’ নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। জানা গেছে, এ ছবিতে কিং খান সুপারহিরো হয়ে আকাশেও উড়বেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

এদিকে শাহরুখের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ ছবিটিতে তিনি নাকি তার সন্তানদের কথা ভেবেই কাজ করছেন। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ‘রা ডট ওয়ান একটি সুপোরহিরো ছবি। ছবিটিতে ভালো মানুষ যেমন আছে, তেমনি আছে খারাপ লোকও। এই ছবিটিতে ফুটফুটে এক বালিকারও দেখা পাওয়া যাবে।

প্রাচ্যনাটের 'মহলা মগন' এর শুরু ১৫ মার্চ

তরুণ ও নবীন অভিনেতা, যারা নিয়মিত মঞ্চস্থ নাটকগুলোতে অভিনয়ের সুযোগ কম পান তাদের নিয়ে প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে উঠান নাটকের মেলা-২০১০। ১৫ মার্চ থেকে ১৮ মার্চ এই ৪ দিন ব্যাপী ‘মহলা মগন’ শীর্ষক আয়োজনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন হাউস থিয়েটারে যারা নিয়মিত রিহার্সেল করেন অথচ মঞ্চস্থ প্রযোজনাগুলোর অভিনয়ে যাদের সুযোগ থাকে না তাদেরকে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগটি নেয়া হয়েছে।

৫ বছরের অস্কারে এবারই সবচে বেশি দর্শক

Oscar Viewerএবছরের বহুল আলোচিত ৮২ তম অস্কার অনুষ্ঠানটি দেখেছেন ৪১ মিলিয়নেরও বেশি মার্কিনি। জানা গেছে, এটি গত ৫ বছরের মধ্যে অনুষ্ঠানটি উপভোগকারীদের একটি রেকর্ডও বটে। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোডাক থিয়েটারে অনুষ্ঠিত ৮২তম অস্কার এর সাড়ে ৩ ঘন্টার এই দীর্ঘ অনুষ্ঠানটি উপভোগ করেছেন ৪১.৩ মিলিয়নের কাছাকাছি উৎসুক দর্শক। মার্কিন অভিনেতা স্টিভেন মার্টিন ও অ্যালেস বল্ডউইনের নেলসন মিডিয়া সেন্টারের গবেষণায় এমনই এক তথ্য দেওয়া হয়েছে।

বাংলা ভিশনে অস্কার আয়োজন বৃহস্পতিবার

বাংলাভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান মিডিয়া ভূবনে অস্কার নিয়ে বিশেষ আয়োজন থাকছে বৃহস্পতিবার রাত ৯টা ৫মিনিটে। টিভি চ্যানেলটির নিয়মিত আয়োজন এই অনুষ্ঠানের এবারের পর্বে সম্প্রতি অনুষ্ঠিত ৮২তম অস্কার অনুষ্ঠান নিয়ে বিস্তারিত প্রতিবেদন ও পুরস্কৃত ছবির উল্লেখযোগ্য দৃশ্য দেখানো হবে বলেই জানা গেছে।

অস্কারে গ্রেফতার ১৯!

Oscarকথায় আছে সৎ সঙ্গে স্বর্গ বাস, অবশ্য বিখ্যাতজনের সংসর্গ লাভের চেষ্টায় যে হাজত বাস ঘটতে পারে তা নিশ্চয়ই জানা ছিলো না সেই ১৯ জনের। নইলে কি আর অস্কার অনুষ্ঠানে বিনা অনুমতিতে তারা দরোজা ডিঙোতে যান। জানা গেছে, এবারের অস্কার অনুষ্ঠানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৯ জনের কপালে গ্রেফতারি আর হাজতবাস ঘটেছে। খবর পিটিআইএর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন লস এঞ্জেলেস এর পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে কোডাক থিয়েটারে অবৈধ প্রবেশের দায়ে।

কমনওয়েলথ গেমসের প্রচারণায় আমির ও জাভেদ আখতার

সম্প্রতি জানা গেছে, বলিউড অভিনেতা আমির খান এবং সংগীতকার জাভেদ আখতার ভারতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসের প্রচারণায় মতো যোগ দিয়েছেন । জানা গেছে, এর অডিও-ভিজ্যুয়াল ক্যাম্পেইনে এ দু’জন সেলেব্রেটি অন্য সেলিব্রেটিদের সঙ্গে মিলেই গেমসটির প্রচারণা চালাবেন। অবশ্য অন্যান্য সেলেব্রেটিদের তালিকার ব্যাপারে আয়োজক পক্ষ একেবারে ঠোঁট সেলাই করে রেখেছেন।  খবর পিটিআইয়ের।

সেরা তেরোর শেষ পর্বে 'এবার তোমরা গাও'

সম্প্রতি জানা গেছে, ব্ল্যাক হর্স আরটিভি গোল্ডেন কী- এবার তোমরা গাও’র উনচল্লিশতম পর্বে বেস্ট থারটিনের প্রতিযোগীরা গাইবেন রবীন্দ্র, নজরুল ও লালনের গান। ‘এবার তোমরা গাও’ এর প্রতিযোগীদের পরিবেশনাটি প্রচারিত হবে ৯ মার্চ মঙ্গলবার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এই রাউন্ডের তিন পর্বে সেরা তেরো জন সলো, ব্যান্ডের গান এবং রবীন্দ্র-নজরুল-লালনের গান পরিবেশন করবেন। তাদের মধ্য থেকে সেরা আটজনকে বাছাই করা হবে বেস্ট এইট রাউন্ডের জন্য।

টম ক্রুজ আহত!

TomCruise_Bikeসম্প্রতি লস অ্যাঞ্জেলেসের রাস্তায় বাইক চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ । খবর দ্যা টেলিগ্রাফের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই হলিউডি হার্টথ্রব দুটি রাস্তার সংযোগস্থলে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই তার লাল ডুকাটি বাইকটিসহ আছড়ে পড়েছিলেন। অবশ্য জানা গেছে, দুর্ঘটনা ঘটার পরপরই আশেপাশের লোকজন ছুটে এসেছিলো তাদের প্রিয়তম এই তারকার সাহায্যের জন্য।

শিখন্ডীকথার শততম মঞ্চায়ন নিয়ে উৎসব

মহাকাল নাট্য সম্প্রদায় এর পরিবেশনা ‘শিখন্ডীকথা’ শততম মঞ্চায়নের দোড় গোড়ায়। জানা গেছে, এ উপলক্ষে নাটকের দলটি ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ৩ দিন ব্যাপী এক উৎসব এর আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শিখন্ডীকথা’ নিয়ে শিখন্ডী নাট্য উৎসবে নাটকটির আটানব্বই, নিরানব্বই ও শততম মঞ্চায়ন প্রদর্শন করবে মহাকাল নাট্য সম্প্রদায়।

নিশ্চুপ শ্রোতা লারা দত্ত

বলিউডি অভিনেত্রী লারা দত্তের গুরু গম্ভীর আচরণের কথাটি বেশ প্রচলিতই বটে। আর অক্ষয় কুমারের চমকপ্রদ দুষ্টামির বিষয়টিও সর্বজনবিদিত। সম্প্রতি ‘হাউজফুল’ এ লারার সহ-শিল্পী অক্ষয় কুমার লারা দত্তের এই ভাব গম্ভীর আচরণের ব্যাপারে মুখ খুলেছেন। জানা গেছে, অক্ষয় এর কথা অনুযায়ী ধরলে লারা হচ্ছেন যারপরনাই একজন ‘রামগরুড়ের ছানা’ টাইপেরই মানুষ! খবর মুম্বাই মিররের।

হরিহরণ আসছেন বাংলাদেশে

Hariharan‘কলোনিয়াল কাজিন’ খ্যাত উপমহাদেশের প্রখ্যাত গজল শিল্পী হরিহরণ এক সংগীতায়োজন উপলক্ষে এমাসের শেষের দিকে বাংলাদেশে আসছেন। বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই সংগীতানুষ্ঠানটি এদেশের সংগীতপিপাসুরা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন বলেই অনুষ্ঠানটির আয়োজক পক্ষ প্যাপিরাস কমিউনিকেশন লিমিটেডের বরাতে জানা গেছে।

আয়োজকদের বরাতে জানা গেছে, ১ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথিতযশ এই ভারতীয় গজল শিল্পীর সংগীতানুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

প্রথম ভারতীয় নারীর গ্র্যামি জয়

TanviShahসম্প্রতি জানা গেছে, প্রথম ভারতীয় নারী হিসেবে গ্র্যামি জিতেছেন চেন্নায়ের স্থানীয় প্লেব্যাক সংগীত তারকা তানভি শাহ। তিনি সংগীতকার এ আর রেহমানের জয় হো গানে অংশ নেয়ার জন্য এ সম্মানজনক পুরস্কারটি জিতেছেন। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সংগীতকার এ আর রেহমান এবং কবি ও গীতিকার গুলজারের সঙ্গে যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন থানভি। উল্লেখ্য, জনপ্রিয় গানটির স্প্যানিশ লিরিকগুলো লিখেছিলেন থানভি, তিনি গানটিতে কন্ঠও দিয়েছেন।

'জিরো'তে বিশ্বাস নেই দীপিকার

deepikaকারিনা কাপুর এবং সাইজ জিরো ক্রেজ নিয়ে যে ধুন্ধুমার বলিউডে সেই  বলিউডেরই আরেক হার্টথ্রব দীপিকা পাড়ুকোন সম্প্রতি জানিয়েছেন যে, শরীরের সাইজ জেরো মাপে তিনি বিশ্বাসী নন। জানা গেছে, দীপিকা বলেছেন, ভারতীয়দের শরীরে এমন গড়ন মানায় না। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দীপিকা বলেছেন, ‘ভুল হলে আমাকে শুধরে দেবেন। তবে আমি বলবো, ভারতীয় মেয়েদের শরীরে সাইজ জিরো আসলেই মানায় না। আর আমি এটি বিশ্বাস করি না বলেই মানিও না।’ দীপিকা আরো বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে ভারতীয় নারীর হালকা ভারী শারীরিক গড়নটাই সুন্দর।’

১২ মার্চ বাল্মীকি প্রতিভা

১২ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। গীতিনাট্যটি যৌথভাবে মঞ্চস্থ করবে সুরলোক এবং নৃত্যাঞ্চল। জানা গেছে, সিটি ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস এই মঞ্চায়নটি স্পন্সর করছে।

আয়োজকদের বরাতে জানা গেছে, বাল্মীকি প্রতিভা’র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডা: দিপু মনি।

তবুও কাঁদলেন সান্ড্রা

SandraBullock_Oscarএই তো মাত্র কিছুদিন আগেও অস্কার আয়োজকেরা বারবার করে মনোনয়নপ্রাপ্ত তারকাদের অনুরোধ করেছিলেন যে, পুরস্কার পেলে পরে এর আতিশয্যে মঞ্চে উঠে তারা যেন না কাঁদেন। কিন্তু জানা গেছে, এতো করে বলার পরেও এবারের অস্কারে ‘দ্যা ব্লাইন্ড সাইড’ এর জন্য সেরা অভিনেত্রীর অস্কারটি পেয়ে আনন্দাশ্রু আর সামলাতে পারেন নি অভিনেত্রী সান্ড্রা বুলক। খবর পপ ইটারের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হলিউডি পুরস্কার মৌসুমের পুরোটা জুড়ে বিজয়রথের আরোহী এই তারকা শেষের এই পুরস্কারটিতেও বাজিমাৎ করলেন অস্কারে সেরা অভিনেত্রীর মুকুটটি জয়ের মাধ্যমে । অস্কার পুরস্কার নিতে মঞ্চে উঠে আবেগ আর সামলাতে পারেননি তিনি।

বারমেইড পামেলা!

Pamela Andersenসম্প্রতি বেওয়াচ গার্ল পামেলা এন্ডারসনকে নাকি যুক্তরাজ্যের এক পানশালায় পানীয় পরিবেশনরত অবস্থাতেই দেখা  গেছে! অবশ্য শেষ পর্যন্ত জানা গেছে, এই হলিউড তারকার পানশালায় অবস্থান এবং পানীয় পরিবেশনের সবই ছিলো আদতে একটি টিভি বিজ্ঞাপনের শ্যুটিং এর প্রয়োজনেই। খবর পপ ইটারের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই আবেদনময়ী তারকার সাথে  বিজ্ঞাপনে আরও অংশ নিয়েছিলেন কৌতুকাভিনেতা আল ম্যুরে। পাবের রাজা হিসেবে পরিচিত ম্যুরে এই বিজ্ঞাপনের জন্য একটি কুইজের আয়োজনও করেছিলেন।

৬ অস্কারের হার্ট লকার

TheHurtLockerসব জল্পনা কল্পনা শেষে একরকম সবাইকে চমকে দিয়েই যেন ইরাক যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত ‘হার্ট লকার’ ছবিটি ৮২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সেরা ছবি, সেরা পরিচালক এর অস্কারসহ মোট ৬টি পুরস্কার জিতে নিয়েছে। খবর রয়টার্সের।

হার্ট লকার ছবিটির পরিচালক ক্যাথরিন বিগেলোর এবারের এই সেরা পরিচালকের অস্কার প্রাপ্তির বিষয়টি অস্কারের ইতিহাসে একটি মাইলফলকই যেন। উল্লেখ্য, অস্কারের ইতিহাসে এই প্রথম কোনো নারী, পরিচালক হিসেবে সেরা পরিচালকের সম্মানে ভূষিত হলেন।

বিবিসির এশিয়ান স্টেশন বাঁচাতে শিল্পা শেঠি

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শিল্পা শেঠিও এবার বিবিসির এশিয়ান নেটওয়ার্ক রক্ষার প্রচারণায় এগিয়ে এলেন। বিবিসির নতুন প্রস্তাবিত পরিকল্পনায় এই স্টেশনটি বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ সপ্তাহতেই শুরু হওয়া এ প্রচারণায় প্রায় শতাধিক এশিয়ান বৃটিশের সঙ্গে এবার যুক্ত হলেন বিগ ব্রাদার্স খ্যাত এই বলিউডি অভিনয় শিল্পী। খবর পিটিআই-এর

নাইট রাইডার্সের কোচ এবার দর্শকরাই

আইপিএল-এর তৃতীয় আসর কে সামনে রেখে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ এবার মাঠে নামছেন নতুন এক পরিকল্পনা নিয়ে। এবার নাইট রাইডার্সদের কোচ হবার এবং দলটির জন্য পরামর্শ পাঠানোর সুযোগ পাচ্ছেন খোদ দর্শকরাই আসছে আইপিএল-এ নিজের দল নিয়ে কিং খানের পরিকল্পনা এমনি। খবর ইন্দো এমিয়ান নিউজ সার্ভিসের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুম্বাই এ নকিয়ার আয়োজনে ‘ম্যা ভি কোচ’ প্রোগ্রামটির উদ্বোধনি অনুষ্ঠানে শাহ্রুখ বলেন, ‘যখন আমরা ম্যচে হারতাম, আমি অসংখ্য মেসেজ পেতাম যার অধিকাংশই হতো নানান ধরনের পরামর্শ। হারলে আমার মন খারাপ হতো ঠিকই, কিন্তু আমি তা সহজভাবেই নিতাম । আর ঐ সব পরামর্শ কিন্তু আমি ফেলে দেই নি। আমি সেগুলো সযত্নে রেখে দিতাম।’

প্যারিসের ব্ল্যাকবেরি

যন্ত্রপ্রেমী প্যারিস এবার প্রেমিক ডাগ রেইনহার্ডের সঙ্গে ছুটি কাটানোর উত্তেজনায় ভুলেই গেলেন প্রিয় ব্ল্যাকবেরি ফোনের কথা। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ৮ মার্চ

শততম বিশ্ব নারী দিবসে নারীদের কাজের স্বীকৃতি জানাতে আয়োজন করা হয়েছে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা- ২০০৯’। নারী দিবসেই বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে বেলা তিনটায় এ অনুষ্ঠানটি শুরু হবে। এ বছরই প্রথম নারী দিবসের আয়োজনে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে। এ সম্মাননা পাচ্ছেন বেগম পত্রিকার সম্পাদক নুরজাহান বেগম।

স্ত্রীর জন্য ডগলাসের দুঃখ প্রকাশ

অভিনেতা মাইকেল ডগলাস তার স্ত্রী ক্যাথরিন জিটা-জোন্সের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তারা তাদের বয়সের ব্যবধানের জন্য সমালোচিত, যা তাদের বেশ বিব্রত করেছে। আর সে জন্যই ডগলাসের এই দুঃখ প্রকাশ। খবর পিটিআই-এর।

সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে, এই অসমবয়সী দম্পতির বয়সের ব্যবধান প্রায় ২৫ বছর। আর এই ব্যবধানের জন্য তাদেরকে বিদ্রুপও সহ্য করতে হয়। এটি তাদেরকে বেশ আহত করে। আর এ কারণেই ডগলাস দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এটা (বিদ্রুপ) আপনাকে অনবরত অস্বস্তি দিতে থাকবে। তাই ক্যাথরিনের জন্য আমি দুঃখ বোধ করি।’

লোহানের অস্বীকার

সম্প্রতি জানা গেছে, হলিউড সুন্দরী লিন্ডসে লোহান তার নতুন ‘ডিজে লাভার’ গ্যারেথ জেনো এর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা সরাসরি অস্বীকারই করেছেন। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ৩ মার্চ  লন্ডন স্কেচ ক্লাবে ‘মিন গার্ল’ খ্যাত এই অভিনেত্রী ডিজে জেনো এর সঙ্গে বেশ উষ্ণ সময়ই কাটিয়েছেন।

জনপ্রিয় বধূ কাজল

বলিউডি জনপ্রিয় অভিনেত্রী কাজল নাকি সম্প্রতি আয়োজিত এক ভোটাভুটিতে সব বলিউডি তারকাদের টপকে সবচে জনপ্রিয় বধূ হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শাদীডটকম ওয়েব সাইটটি সোমবার ২ লক্ষ ৫০ হাজার নারী অংশগ্রহণকারী নিয়ে এই ভোটের আয়োজন করেছিলো।

বন্ড গার্লের তকমা আর নয়

সম্প্রতি, হলিউড অভিনেত্রী জিমা আর্টেরটন তার বন্ড গার্ল ইমেজ থেকে বেরিয়ে নতুন ধরণের ছবিতে কাজের আগ্রহ প্রকাশ করেছেন। খবর পিটিআই এর।

চন্দনের প্রথম একক অ্যালবাম

সম্প্রতি ‘৯০ এর দশকের জনপ্রিয় ব্যান্ড উইনিং এর প্রধান কণ্ঠশিল্পী ও গিটার বাদক চন্দনের প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়েছে । অগ্নিবীণা’র ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটির নাম ‘হৃদয় ভরে ভালোবাসা’।

আসছে 'মুকিম ব্রাদার্স'

সম্প্রতি জানা গেছে, চ্যানেল আইতে শিগগিরই প্রচার শুরু হবে নতুন একটি ধারাবাহিক নাটকের, নাটকটি নির্মিত হয়েছে দুই সহোদরের গল্প নিয়ে। জানা গেছে, দুই সহোদরের গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকটির নাম ‘মুকিম ব্রাদার্স’।

শাপে বর!

Meril_Stripএকেই বুঝি বলে শাপে বর হওয়া! আইনজীবি হতে চেয়ে হতে না পারার কারণেই নাকি মেরিল স্ট্রিপ আজকের অভিনেত্রী মেরিল স্ট্রিপ হতে পেরেছেন! দ্যা ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন হলিউডের এই জীবন্ত কিংবদন্তী । খবর টেলিগ্রাফের।

এদিকে শোবিজস্পাইডটকম এর বরাতে জানা গেছে, এ সাক্ষাৎকারে ১৬বারের অস্কার মনোনয়ন, এরমধ্যে ২ বার তা জিতে নেয়া কিংবা ২৫ বারের মনোনয়নসহ ৭ বার গোল্ডেন গ্লোব বিজয় এসবের কিছুই ঘটতো না যদি মেরিল স্ট্রিপ শুধু আইন স্কুলের সেই ভর্তি পরীক্ষাটিতে একবার পাশ করে ফেলতেন! জানা গেছে, পেশাদার অভিনেত্রী নয়, পুরোদস্তুর আইনজীবি হওয়ার বাসনাই ছিলো তাঁর মনে।

কারিনা কিনছেন মার্সিডিজ বেঞ্জ

Kareenaবলিউডি তারকা কারিনা কাপুর নাকি সম্প্রতি পঁচাত্তর লাখ রুপি মূল্যের একটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ কিনছেন! জানা গেছে, সপ্তাহান্তেই এটি নাকি তার ঘরের দুয়ারে এসে দাঁড়াতে যাচ্ছে। খবর মুম্বাই মিররের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুধু নিজের জন্যই নয়; কারিনা তার পরিবারের সদস্যদেরও উপহার দিয়ে আনন্দ পান। জানা গেছে, সন্তানসম্ভবা বড় বোন কারিশমা কাপুরের জন্যও এমনই একটি মার্সিডিস উপহার দিতে চান তিনি।

আজীবন 'পাইরেট' জনি ডেপ

Johnny_Deppহলিউডি তারকা জনি ডেপ সম্প্রতি জানিয়েছেন, পাইরেটস সিরিজের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটির প্রেমে পড়ে গিয়েছেন তিনি । আর তাই আজীবন এই চরিত্রে অভিনয়েও কোনো আপত্তি নেই তার। খবর পপ ইটার এর।

এদিকে প্যারেড ম্যাগাজিনের বরাতে জানা গেছে, এই হলিউডি তারকা ‘পাইরেটস অফ দ্যা ক্যারিবিয়ান‘ সিরিজে অভিনয় তিনি কখনোই থামাতে চান না । কারণ, তিনি পাইরেটসকে ভালবেসে ফেলেছেন।

কমেডিতে বাচাল হুমায়রা হিমু

homairaনতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন হুমায়রা হিমু। নাম ‘জেন্টস টেইলার্স প্রাইভেট লিমিটেড। অরণ্য আনোয়ারের পরিচালনায় নির্মিতব্য এই নাটকটিতে তাকে দেখা যাবে এক বাচাল স্বভাবের মেয়ের চরিত্রে।

গ্লিটজকে তিনি জানিয়েছেন, নাটকের কাহিনী গড়ে উঠেছে পুরুষদের পোষাক বানায় এমন একটি টেইলার্সকে কেন্দ্র করে। টেইলার্সটি পুরুষদের জন্য হলেও এই টেইলার্সে কাজ করেন ৩জন মেয়ে কর্মচারী। এমনকি টেইলার্সের মালিকও মহিলা। মালিকের কঠোর নির্দেশ এখানে কাজ করতে হলে কোনো পুরুষের সঙ্গে প্রেম করা যাবে না, এমনকি বিয়েও!

স্টিলার দম্পতি অ্যানিমেটেড!

BenStiller_ChristineTaylorসম্প্রতি জানা গেছে, বিখ্যাত হলিউডি কৌতুকাভিনেতা বেন স্টিলার এবং তার স্ত্রী ক্রিস্টিন টেইলর এবারে নাকি ছোট পর্দায় আবির্ভূত হতে যাচ্ছেন অ্যানিমেটেড চরিত্র হিসেবেই । খবর অ্যাকসেস হলিউডের।

অভিজিৎ-এর বিরুদ্ধে অভিযোগ

Abhijeet Bhattacharyaসুকন্ঠ আর সদাচারের জন্য বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য সম্প্রতি নাজুক এক বিতর্কে জড়িয়ে পড়েছেন। জানা গেছে, মঙ্গলবার সেশন কোর্টের পাঠানো এক সমনে উল্লেখ করা হয়েছে যে, তিনি তার এক প্রতিবেশী আইনজীবীর সঙ্গে দূর্ব্যবহার করেছেন এবং তাকে তালিবান বলে গালি দিয়েছেন। সমন এই ক্ষুব্ধ আইনজীবির অভিযোগের ভিত্তিতেই দায়ের করা হয়েছে।   খবর মুম্বাই মিররের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিজিৎ এবং অভিযোগকারী রেজওয়ান সিদ্দিকী দুজনেই ভারসোভা ব্রিজ কোঅপারেটিভ হাউজিং সোসাইটির বাসিন্দা। অভিজিৎ অবশ্য ঘটনা সম্পর্কে বলেছেন যে, ‘ঘটনার দিন সোসাইটির মিটিং গিয়েছিলাম, তো এরকম জায়গায় কেউ যদি স্বৈরাচারী মনোভাব দেখায় তা কি সহ্য করা যায়!’ ঐ ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, ‘সে তালিবানদের মতো একগুঁয়েমি করছিলো। এটা কিভাবে মেনে নেওয়া যায়!’

বিজ্ঞাপনী চুক্তিতে আমিরের রেকর্ড

Aamir_khanজানা গেছে, থ্রি ইডিয়টস এর সাফল্যের পরপরই বলিউড তারকা আমির খান আরব আমিরাত এর এক টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের সঙ্গে একটি বিজ্ঞাপনী চুক্তি করে ফেলেছেন। থ্রি ইডিয়টস এর সাফল্যের পর আসলে এটি একটি সাদামাটা খবর। তবে, এর আসল খবরটি হচ্ছে, এই বিজ্ঞাপনী চুক্তিটির কল্যাণেই বলিউডের তারকাদের মধ্যে সর্বোচ্চ ৩৫ কোটি টাকার চুক্তিটি এখন আমিরেরই পকেটে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, চুক্তির ফলে ২ বছরের জন্য প্রতিষ্ঠানটির হয়ে কাজ করবেন আমির। তিনি এই সময়ের জন্য সব ধরনের মিডিয়াতে, সংবাদমাধ্যমে প্রতিষ্ঠানটির হয়ে কাজ করবেন এবং নিজে তা ব্যবহারও করবেন।

কাজে ফিরলেন ফারাহ রুমা

Farah Rumaবাবার অসুস্থতা এবং মৃত্যুর কারণে প্রায় মাস দেড়েকেরও বেশি সময় মিডিয়া থেকে দূরেই ছিলেন ফারাহ রুমা। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ ফারাহ রুমার বাবা মৃত্যু বরণ করেন। জানা গেছে, বাবার মৃত্যু শোক কাটিয়ে রুমা আবারো ব্যস্ত হতে যাচ্ছেন মিডিয়ার কাজে।

গ্লিটজকে তিনি জানিয়েছেন, বাবার অসুস্থতার কারণে এতোদিন কোনো কাজই করেননি তিনি। কয়েকদিন ধরে প্রচার চলতি ধারাবাহিকটির শুটিং করার পাশাপাশি এনটিভির অনুষ্ঠানটিরও শুটিং করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন নাটকের শুটিং শুরু করবেন বলেই জানিয়েছেন রুমা।

পক্ষাঘাতগ্রস্তদের পাশে হৃত্বিক

সঞ্জয় লীলা বানশালির নতুন ছবি ‘গুজারিশ’এ একজন পক্ষাঘাতগ্রস্ত রোগীর ভূমিকায় অভিনয় করছেন বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশান। আর এই ব্যতিক্রমী চরিত্রের অভিনয়ই নাকি জীবন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলেছে। জানা গেছে, তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন পক্ষাঘাতগ্রস্তদের পাশে দাঁড়ানোর। খবর মুম্বাই মিরর এর।

যুদ্ধ শিশুতে মুক্তি

সম্প্রতি জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রচারিতব্য একটি ১ঘন্টার নাটকে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী মুক্তি। নাটকে তার চরিত্রটি এক রাজাকারের মেয়ের। যে মেয়েটি একসময় বাবার এই পরিচয় পেয়ে বাবাকে ঘৃণা করতে শুরু করে। নাটকটির নাম ‘যুদ্ধ শিশু’।

গ্লিটজকে মুক্তি জানিয়েছেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে এদেশের কিছু নরপিশাচ হানাদার পাক বাহিনীর দোসর হয়ে কাজ করেছিলো। নাটকটিতে তাদের মুখোশ উন্মোচন এবং সময়ের পরিক্রমায় তাদের পরিণতির বিষয়টি দেখানো হয়েছে।

লেডী গাগার বাণী!

LadyGagaসম্প্রতি এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক প্রচারণার উদ্বোধনের সময় জনপ্রিয় গায়িকা লেডী গাগা নাকি তার ভক্তদের নিরাপদ যৌনাচারের বিষয়টি নিয়ে খোলামেলা অনেক কথাবার্তই বলেছেন। খবর স্ক্রিন ইন্ডিয়ার।

এদিকে ফক্স নিউজের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এক সাক্ষাৎকারে পপ তারকা গাগা কনডম ব্যবহার না করে যৌন মিলনকে ‘রাশিয়ান রুলেট’ এর সঙ্গে তুলনা করেছেন।

আইপিএল শেষেই অভিনয়!

PreityZinta_IPLসম্প্রতি জানা গেছে, দীর্ঘ দুই বছরের বলিউড বিরহের পর প্রীতি জিনতা আবারও ফিরছেন রূপালি পর্দায় । হার্ভার্ড এ অধ্যয়ন এবং আইপিএল এর টানা ৩ আসরের ব্যস্ততার পর আবারও এই তারকাকে দেখা যাবে নতুন ২টি ছবিতে। খবর মুম্বাই মিররের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, অভিনয়ের বাইরে ক্রিকেটে এই ২ বছরের স্বেচ্ছা নির্বাসন পর্বটি বেশ উপভোগই করেছেন প্রীতি। তিনি বলেছেন, ‘জীবনের ১১ টি বছর আমি উৎসর্গ করেছি অভিনয়ের জন্য। ক্রিকেট ব্যবসার জন্য ২ বছরই সই। এই ২ বছরে আমি কিন্তু জেনে গেছি ক্রিকেটের ভেতর বাহির সবই । কিভাবে সত্যিকারের উপস্থিতি ছাড়াও ব্যবসা সামলানো যায়, শিখে  নিয়েছি সেটাও’।

রাণীর জন্য!

RaniMukharjiসম্প্রতি একটি রোমান্টিক ছবির শুটিং করতে বলিউড তারকা রাণী মুর্খাজি মালয়েশিয়া যাচ্ছেন। এই মে মাসেই দেশটির কুয়ালা টেরেনগানু প্রদেশে ছবিটির শুটিং শুরু হবে। জানা গেছে, রাণীর এই সফরের খবরে টেরেনগানুর প্রদেশের প্রধানমন্ত্রী যারপর নাই আনন্দিত। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুর থেকে পাঁচ’শো কিলোমিটার উত্তরের এই প্রদেশটির প্রধানমন্ত্রী মেনট্রি বেসার এই খবরে খুবই আনন্দিত। জানা গেছে, এ সংবাদ শোনার পর তিনি বলেছেন, ‘বলিউডের প্রযোজনা সংস্থা যে এখানে শুটিং করবে তা জেনে আমরা উদ্বেলিত ও গর্বিত। এর ফলে এলাকাটি পর্যটকদের কাছেও আর্কষণীয় হয়ে উঠবে’।