গ্লিটজ : ঈদের বিশেষ টেলিফিল্মে অভিনয় করছেন, এই বিষয়ে কিছু বলবেন কী?
পড়শী : জাফরিন সাদিয়ার রচনা ও মাসুদ রহমানের পরিচালনায় ‘রিদম’ টেলিফিল্মে নিজের নামেই অভিনয় করছি। এ টেলিফিল্মটিতে এ প্রজন্মের একজন সম্ভাবনাময় কণ্ঠশিল্পী হিসেবেই দেখা যাবে আমাকে। এতে অপূর্ব নামকরা এক সঙ্গীত পরিচালকের ভ‚মিকায় অভিনয় করছেন। আর তার কাছেই গান শিখছি আমি।
গ্লিটজ : আপনার পছন্দসই আরো গল্পে অভিনয়ের প্রস্তাব পেলে নিয়মিত কাজ করবেন?
পড়শী : আমি মূলত গানের মানুষ, আর গান নিয়েই থাকতে চাই। শখের বশে এক বছর আগে ‘স্যালুট’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। এই টেলিফিল্মটির গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সঙ্গীতশিল্পীদের জীবনের নানা কথা তুলে ধরা হয়েছে এতে। তাই অভিনয় করছি। মাঝে মধ্যে পছন্দমতো গল্পে অভিনয়ের প্রস্তাব পেলে কাজ করতে পারি। তবে নিয়মিত অভিনয়ের চিন্তা এখনও করিনি।
গ্লিটজ : কয়েক মাস আগে প্রকাশিত হয়েছে আপনার দ্বিতীয় একক ‘পড়শী-২’। এই অ্যালবামে কেমন সাড়া পেলেন?
পড়শী : প্রথম এককের মতো দ্বিতীয় এককেও অনেক ভালো সাড়া পেয়েছি; এখনো পাচ্ছি। আগে বিভিন্ন স্টেজ শোতে অন্য শিল্পীদের গান গাওয়ার অনুরোধ আসতো। এখন সেই চিত্র একেবারেই পাল্টে গেছে। এখন স্টেজ শোতে শ্রোতারা পড়শী-২ থেকেই বেশি গান গাইতে বলেন। সে থেকেই বেঝা যায়, অ্যালবামটির শ্রোতাপ্রিয়তা রয়েছে।
গ্লিটজ : ক্ষুদে শিল্পীদের প্রতি অনেক জ্যেষ্ঠ শিল্পীরা বলে থাকেন যে, ক্ষুদে শিল্পীরা গান শেখার প্রতি খুব একটা যত্নবান না; যতোটা যত্বান তারা স্টেজ শো নিয়ে। একজন ক্ষুদে শিল্পী হিসেবে জ্যেষ্ঠদের এমন মন্তব্যে আপনি কি বলবেন?
পড়শী : ওনাদের সঙ্গে এই বিষয়ে আমি একমত যে, আমাদের অতিমাত্রায় স্টেজ প্রোগ্রাম না করে একটা পরিমিত মাত্রায় করা উচিত। অন্য ক্ষুদে শিল্পীরা কি করেন, আমি সে বিষয়ে বলতে চাই না। তবে আমি হিসেব করেই স্টেজ শো করি, যেন আমার কণ্ঠের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মেহেদী/ওএস/এইচবি/জুলাই ১৮/১২