স্টিভেন স্পিলবার্গের একটি সিনেমার জন্য এবার ১০ হাজার ডলার দামের একটি নকল দাড়ি ব্যবহার করতে হলো স্প্যানিশ অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডারাসকে। এই তারকা অভিনেতার আফসোসের কারণ হলো, ওই নকল দাড়ি তাকে ব্যবহার করতে হলো সত্যিকারের দাড়ি স্ত্রীর অপছন্দের কারণে কেটে ফেলার পর! খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।
২০১১ সালের অ্যাকশন থ্রিলার হেইওয়্যার-এর জন্য এমন পরিস্থিতির মাঝে পড়েছিলেন ব্যান্ডারাস। এ বছর সিনেমাটির জন্য তিনটি নতুন দৃশ্যের শুটিংয়ের জন্য পরিচালক স্টিভেন স্পিলবার্গ যখন তাকে বলেন, দাড়ি ব্যবহারের কথা, তখন সিনেমাটির স্পেশাল ইফেক্ট ক্রুরা ব্যান্ডারাসের জন্য এই দাড়িটির ব্যবস্থা করে।
এ বিষয়ে ব্যান্ডারাস জানান, ‘নিউ ইয়র্কে যখন আমি ‘জোবরা দ্যা গ্রিক’ নামের একটি মিউজিক্যালের জন্য শুটিং করছিলাম, তখন আমাকে দাড়ি রাখতে হয়েছিলো। স্টিভের সঙ্গে আমার তখন দেখা হয়, এবং সে আমাকে তখনই বলেছিলো আমার চরিত্রের সঙ্গে দাড়িটা দারুণভাবে মানিয়ে যাবে। সেই দাড়িটি নিয়েই তখন আমি হেইওয়্যার সিনেমাটি করি। কিন্তু দাড়িটা আমার স্ত্রী দু’চোখে দেখতে পারতেন না। তাই পরবর্তীতে এটা আমি কেটে ফেলি।’
তিনি আরো জানান, ‘এর ছয় মাস পরে, স্টিভ আবারো আমাকে ফোন করে জানালেন যে, আমার চরিত্রটি তার এতোই পছন্দ হয়েছে যে, তিনি আরো তিনটি দৃশ্য সেখানে যোগ করেছেন। কিন্তু আমি তাকে জানালাম, দাড়িটি আমি অনেক আগেই কেটে ফেলেছি। তখন তিনি আমার জন্য এই ১০ হাজারি নকল দাড়ির ব্যবস্থা করলেন।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএন/ওএস/এইচবি/এপ্রিল ২৪/১২