আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনির বিপক্ষে এবারও দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন বর্তমান ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট বারাক ওবামা। আর সেই নির্বাচনী যুদ্ধের রসদ যোগানোর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি পূরণের জন্য এক ডিনার পার্টিতে উপস্থিত থাকবেন হলিউডি হার্টথ্রব জর্জ ক্লুনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
ডিনার উইথ বারাক শিরোনামে আয়োজিত এ ডিনার পার্টিটি হবে মে’র ১০ তারিখে ওবামার লস এঞ্জেলসের বাড়িতে। আশা করা হচ্ছে এই আয়োজনের মাধ্যমে ওবামার নির্বাচনী তহবিলে নূণ্যতম ৬০ লাখ ডলার জমা পড়বে।
এই পার্টির জন্য ইন্টারনেটে ওবামা, ক্লুনি অ্যান্ড ইউ নামে ওয়েবপেইজ খুলেছেন ওবামা ভক্তরা। পেইজটিতে কমপক্ষে তিন ডলার দিয়ে অস্কার বিজয়ী অভিনেতা এবং আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ডিনার করার সুযোগ পাওয়ার কথা জানানো হয়েছে।
ওয়েবপেইজটিতে অবশ্য জানানো হয়েছে, সবাই নয়, একটা প্রতিযোগিতার মাধ্যমে ভাগ্যবান বিজয়ীরাই পাবেন এ সুযোগ।
ওদিকে ডিনার পার্টিতে ক্লুনির উপস্থিতি নিশ্চিত করে ওয়েবপেইজে লেখা হয়েছে, ‘প্রেসিডেন্টকে আবারো নির্বাচিত করার জন্য জর্জ ক্লুনি অংশ নিচ্ছেন, যদিও তিনি জানেন, এই ধরনের সমর্থন সবার আগে আসা প্রয়োজন আপনাদের মতো তৃণমূল পর্যায়ের সমর্থকদের কাছ থেকেই।’
নিজের দেশই শুধু নয় জর্জ ক্লুনি বৃটেনের নির্বাচনেও জড়িয়েছেন নিজেকে। জানা গেছে বৃটেনের বর্তমান প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরুনের ডাকা এক ডিনার পর্টিতেও যোগ দেবেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/এসএন/ওএস/এইচবি/এপ্রিল ২১/১২