বিনোদন খবর

'দি টেম্পেস্ট' এর উদ্বোধনী মঞ্চায়ন ২৭ এপ্রিল

ঢাকা থিয়েটারের নতুন প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘দি টেম্পেস্ট’-এর উদ্বোধনী মঞ্চায়ন হবে ২৭ এপ্রিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে শোটি অনুষ্ঠিত হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ এবং অনুবাদ করেছেন রুবাইয়াৎ আহমেদ।

নাটকটিতে সুর, সঙ্গীত ও পোশাক পরিকল্পনা করেছেন শিমূল ইউসুফ। এতে কোরিওগ্রাফি করেছেন যৌথভাবে শিমূল ইউসুফ ও নীলমনি সিনহা। মঞ্চসজ্জায় কাজ করছেন ঢালী আল মামুন। মঞ্চসহযোগী হিসেবে রয়েছেন ওয়াসিম আহমেদ।

রুবাইয়াৎ জানিয়েছেন, আগামী ৭ ও ৮ মে লন্ডনের গ্লোব থিয়েটারে ‘দি টেম্পেস্ট’ মঞ্চায়ন করবে ঢাকা থিয়েটার। এর আগে ২৭ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে উদ্বোধনী মঞ্চায়ন হবে।

রুবাইয়াৎ আরো জানিয়েছেন, এ বছর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাধুলার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেইমস। এরই অংশ হিসেবে সেই ঐতিহ্যবাহী গ্লোব থিয়েটার আয়োজন করেছে ‘গ্লোব টু গ্লোব’ উৎসব। এতে শেক্সপিয়র রচিত ৩৭টি নাটক মঞ্চস্থ হবে।

তিনি বলেন, ‘নাটকটির মঞ্চায়নে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মণিপুরী জাতিগোষ্ঠীর নৃত্যকে। তার সঙ্গে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী নৃত্যের সংশ্লেষ। এই কাজটি পাঁচালি আঙ্গিকেই সম্পন্ন হয়েছে। নৃত্য, সঙ্গীত, সংলাপ, বর্ণনা প্রভৃতির মিশ্রণে ‘দি টেম্পেস্ট’ পুণর্নির্মিত হয়েছে।’

এ প্রসঙ্গে নাসির উদ্দীন ইউসুফ বলেছেন, ‘আমাদের ঐতিহ্যবাহী নাট্যধারাকে ঢাকা থিয়েটার সব সময়ই সমকালীন ভাবে মঞ্চে আনতে চেষ্টা করে। ইউরোপীয় নাটক ‘দি টেম্পেস্ট’ প্রযোজনাতেও এই বিষয়ে কোনো আপোষ করেনি, আদর্শবিচ্যুত হয় নি ঢাকা থিয়েটার। আমরা মনে করি, শেক্সপিয়রের নাটক মঞ্চায়নে এলিজাবেথীয় ধারা অনুসরণ করার কোনো প্রয়োজন নেই।’

‘দ্য টেম্পেস্ট’ এর বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন, শিমূল ইউসুফ, কামাল বায়েজীদ, শহীদুজ্জামান সেলিম, খায়রুল ইসলাম পাখি, এশা ইউসুফ, চন্দন চৌধুরী, রুবল লোদী, রফিকুল ইসলাম, সামিউন জাহান দোলা, সাজ্জাদ রাজীব, রুবাইয়াৎ আহমেদ, নীলমনি সিনহা ও বিধান সিনহা।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/ওএস/এইচবি/এপ্রিল ২১/১২

| More