নিজের প্রিয় মানুষদের উপহার দেয়ার ব্যাপারে অভিনেতা শাহরুখ খানের দরাজ দিলের কথা সবার জানা। এবার সেই ভাগ্যবান ‘প্রিয় মানুষদের’ তালিকায় যোগ হলেন ক্যাটরিনা কাইফ। যশ চোপড়ার নতুন সিনেমায় নিজের এই সহ অভিনেত্রীকে শাহরুখ উপহার দিলেন ডিজাইনার জ্যাকেট এবং জিম ব্যাগ। এমনকি ক্যাটের সুরক্ষায় নিজের বডিগার্ডকেও একদিনের জন্য নিয়োজিত করলেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
লন্ডনে যশ চোপড়ার নাম ঠিক না হওয়া সেই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেধে অভিনয় করছেন শাহরুখ-ক্যাটরিনা। আর প্রথমবারের কাজের অভিজ্ঞতাতেই শাহরুখের প্রিয়পাত্রী বনে গেছেন ক্যাট। শুটিং-এর সেটে কিং খানের সঙ্গে সারাক্ষণ অন্তরঙ্গ সময় তো কাটাচ্ছেনই, উপরন্তু বিভিন্ন বিষয়ে শাহরুখের দিলখোলা সহযোগিতাও বাড়তি পাওনা হয়ে দাঁড়াচ্ছে তার জন্য। এই যেমন লন্ডনের ঠাণ্ডায় শুটিংয়ে যেন ক্যাটের কোনো সমস্যা না হয়, সেজন্য তাকে ডিজাইনার জ্যাকেট উপহার দিলেন তিনি। কেবল তাই নয়, সেটে যাওয়ার জন্য কিনে দিয়েছেন দামি জিম ব্যাগ। সঙ্গে দেওয়া একটা কার্ডে লিখেছেন, ‘হ্যাভ এ গ্রেট ওর্য়াকআউট’।
ওদিকে ক্যাটের নিরাপত্তা নিয়ে সদা চিন্তিত খান সাহেব একদিনের জন্য নিজের বডিগার্ডকেও ধার দিয়েছেন ক্যাটকে। আর এমন যত্ন-আত্তি কেবল খানের ভালো বন্ধু হওয়ার কারণেই নয়, সহ-অভিনেত্রী হওয়ার সুবাদেও পাচ্ছেন বলেই সবার ধারণা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/এসএন/ওএস/এইচবি/এপ্রিল ১২/১২