বিনোদন খবর

অনশন করছেন রজনীকান্ত

তামিল সিনেমা জগত এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির উপর অতিরিক্ত সার্ভিস ট্যাক্স ধার্য করার প্রতিবাদে আন্দোলনকারীদের সঙ্গে অনশন করছেন তামিল অভিনেতা রজনীকান্তও। খবর এনডিটিভি নিউজের।

এ বিষয়ে রজনীকান্ত বলেন, ‘ট্যাক্স খেলাপীদের বিরুদ্ধে যদি সরকারের আরও কঠিন আইন থাকতো তবেই অধিক পরিমাণে অর্থ আদায় সম্ভব হতে পারে। এর জন্য সিনেমা এবং টেলিভিশন জগতের ওপর কর বসানোর দরকার নেই। ’

তামিল অ্যাকটরস অ্যাসোসিয়েশন পরিচালিত আন্দোলনের অংশ হিসেবে এ অনশনে আরও আছেন দক্ষিণী অভিনেতা বিজয়, শরৎকুমার, অভিনেত্রী রাধিকা এবং সুহাসিনী। বর্তমানে ধার্যকৃত ১২.৩৬ শতাংশ সার্ভিস ট্যাক্স এর প্রতিবাদেই করা হচ্ছে এ আন্দোলন-এমনটাই জানিয়েছেন তারা। তাদের বক্তব্য অনুয়ায়ী, ভারত সরকার কয়েক বছর আগে চলচ্চিত্র জগতের প্রযোজক, প্রদর্শক এবং পরিবেশকদের সার্ভিস ট্যাক্স আওতার বাইরে বলে ঘোষণা দেয়। এখন এ নিয়মটি পরিচালক, অভিনয় শিল্পী এবং কোরিওগ্রাফারদের ক্ষেত্রেও কার্যকর করার দাবী করেন তারা।

সংগঠনটির প্রেসিডেন্ট সংবাদমাধ্যমটিকে এ ব্যাপারে জানান, ‘খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীদের বাইরেও চলচ্চিত্র জগতে অনেক ছোট মাপের অভিনয় শিল্পী রয়েছেন। তারা অনেকে বছর কোনো সিনেমাতেই কাজ করার সুযোগ পান না। সার্ভিস ট্যাক্স তাদের জন্য বোঝা স্বরূপ হয়ে দাঁড়াবে।’

এই আন্দোলনে কলাকুশলীদের অনশনের পাশাপাশি একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে সব ধরণের শুটিংও। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজ্যটির সব থিয়েটারও ৭ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছে । তামিল ফিল্ম এবং টিভি ইন্ডাস্ট্রির প্রায় সকল অভিনেতা, পরিচালক, প্রদর্শক, পরিবেশক এবং টেকনিশিয়ান এ প্রতিবাদে অংশ নিচ্ছেন।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএন/এসএম/জানুয়ারি ০৭/১৩

| More