বিনোদন খবর

মাসুদ-এর 'দাসের রানি'

বাস্তব অভিজ্ঞতা থেকে এবারের সিনেমার গল্পটি বাছাই করেছি। এর আগে এই গল্প থেকে একটি প্রামাণ্যচিত্র বানিয়েছিলাম। তবে সেটি বাংলাদেশে কখনই প্রদর্শন করি নাই। সুইডেনের একটি চ্যানেলে তা প্রচারিত হয়েছে। সেই গল্পটি ধরেই আমার দ্বিতীয় চলচ্চিত্র ‘দাসের রানি’-এর গল্প। ‘পিতা’ চলচ্চিত্রটি ছিলো পুরুষ চরিত্র নির্ভর। আর এবারেরটি হবে ২টি নারী চরিত্রকে ঘিরে। এই সময়ে ঢাকার অর্থসামাজিক পরিস্থিতি এতে তুলে আনতে চাই।’- চলচ্চিত্র নির্মাতা মাসুদ আখন্দ এভাবেই গ্লিটজের কাছে তার পরের সিনেমা নির্মাণের কথা জানিয়েছেন।

মাসুদ বলেন, ‘স্ক্রিপ্ট তৈরির কাজ শেষ করেছি। লোকেশন দেখছি। অভিনয় শিল্পীদের সঙ্গেও আলোচনা চলছে। এ জন্য মিউজিকের কাজও করছি। সিনেমাটির মিউজিক করাবো কয়েকজনকে দিয়ে। আর এই সিনেমাটির প্রযোজনাও করবো আমার নিজের প্রতিষ্ঠান ‘অহর্নিশি ফিল্ম’ থেকে। এর সঙ্গে একাধিক কো-প্রডিউসার থাকতে পারে। সবমিলিয়ে এপ্রিলে সিনেমার শুটিং শুরু করতে চাই।’

এদিকে ২০১২ সালের শেষ মাসে মুক্তি পাওয়া এই নির্মাতার প্রথম সিনেমা ‘পিতা’ প্রসঙ্গে মাসুদ বলেন, ‘আমাদের অনেকের ধারণা মুক্তিযুদ্ধের সিনেমা দর্শক হলে গিয়ে দেখে না। তবে আমাকে যেসব দর্শক সিনেমাটি নিয়ে বলেছেন, তারা সবাই বলেছেন, এই সিনেমাটি হলে গিয়ে দেখার মত। এখন এই সিনেমাটি নিয়ে বেশি কিছু ভাবছি না। তবে এই মাসের ২০ তারিখে আমি সুইডেন যাচ্ছি। সেখানে যাওয়ার পরে ‘পিতা’র কয়েকটি প্রদর্শনী করবো। বিশেষ করে সুইডেন, জার্মানি, নরওয়ে, স্কটল্যান্ড-এ ইতোমধ্যে কথা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রেও সিনেমাটির প্রদর্শনী করতে চাই। বিশেষ করে প্রবাসী বাংলাভাষাভাষীদের জন্য সিনেমাটি মুক্তি দিতে চাই।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/এসএম/জানুয়ারি ০৭/১৩

| More