মাঝখানে তাদের সম্পর্ক ঝড়ের কবলে পড়লেও, এখন একসঙ্গে বেশ সুখেই দিন কাটাচ্ছেন হলিউডি তারকা জুটি রবার্ট প্যাটিনসন এবং ক্রিস্টেন স্টুয়ার্ট। তবে এরমধ্যে একটি ব্যাপার ভালোভাবেই বুঝতে পেরেছেন রবার্ট; আর তা হলো দুঃসময়ে পরিবার আর কাছের বন্ধুরাই সবচেয়ে বড় সহায়। আর তাইতো তিনি এবার পরিকল্পনা করছেন লন্ডনে একটি বাড়ি কেনার; তাহলে হলিউড ছেড়ে যখন খুশি তখনই তিনি উড়ে আসতে পারবেন বাবা-মায়ের কাছে। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।
রবার্টের জন্ম এবং বেড়ে ওঠা লন্ডনে; ইংল্যান্ডের এই রাজধানীতেই এখনো পর্যন্ত বাস করেন তার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা। ২০১২ তে যখন দীর্ঘদিনের প্রেমিকা ক্রিস্টেন তাকে প্রতারিত করে পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে প্রণয় চালিয়ে যাচ্ছিলেন, তখন রবার্ট এখানেই এসেছিলেন তার মনের ক্ষত সারিয়ে তুলতে। ক্রিস্টেনের সঙ্গে এখন তার সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠলেও, রবার্ট চাইছেন একটি বাড়ি কিনে বছরের বেশ কিছু সময় লন্ডনেই কাটাতে।
এ বিষয়ে সূত্র জানিয়েছে, ‘তারা দক্ষিণ পশ্চিম লন্ডনের একটি বিলাসবহুল জায়গায় ছুটি কাটাতে গেছেন। জায়গাটিতে বেশ একটা হলিউডি ভাব রয়েছে; আবার এটি রবার্টের বাবার বাড়ির বেশ কাছেও। আর তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন এখানেই একটি বাড়ি কেনার।’
সূত্রটি আরো জানায়, ‘সেখানে রিচমন্ডের একটা বাড়ি তাদের পছন্দ হয়েছে। রবার্ট-ক্রিস্টেনের দরকার-এমন সবকটি উপাদানই রয়েছে বাড়িটিতে। এটির বর্তমান বাজার মূল্য ১০ লাখ পাউন্ডের ওপরে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সাব্বির/এসএন/এসএম/জানুয়ারি ০৭/১৩