বলিউডি অভিনেতা সালমান খান সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্কের ‘শীতলতা’র কথা সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন বলিউডে কারও কোনো দল নেই। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
গত কয়েক বছর ধরেই বলিউডের দুই রাঘববোয়াল- শাহরুখ এবং সালমানের মধ্যকার ঠাণ্ডা লড়াই নিয়ে মিডিয়ায় চলছে মাতামাতি। সেই আগুনে এবার লেগেছে নতুন বাতাস; কারণ শাহরুখের অনেক কাছের মানুষই এখন ভিড়ছেন সালমানের দলে। একদিকে শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর যেমন সালমানের গুণগান গাইছেন এবং সালমানের সঙ্গে কাজ করতে চাইছেন, অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া এবং ইয়াশ রাজ ফিল্মস প্রোডাকশনও এবার সালমানের প্রতি আগ্রহ দেখাচ্ছে।
তবে সম্প্রতি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সালমান নিজেই। সালমান বলেন, ‘এখানে কোনো দল নেই। আমি আমার নিজের কাজ করি। আমার সঙ্গে যদি কেউ নিজে থেকে কথা বলতে আসে তবে আমি অবশ্যই তার সঙ্গে কথা বলব অথবা ভালোভাবে দেখা করবো। কে কার বন্ধু এসব আমি চিন্তা করি না। এসব বিষয় আমার জন্য একেবারেই মুখ্য নয়।’
এদিকে সালমান-শাহরুখ লড়াই নতুনভাবে উস্কে দিয়েছেন শাহরুখের বন্ধু অর্জুন রামপাল। জানা গেছে, সালমানের অনুষ্ঠান ‘বিগ বস’এ অতিথি হিসেবে আসবেন অর্জুন। আরও জানা যায় শাহরুখের নতুন বছরের পার্টিতেও উপস্থিত ছিলেন না ওই অভিনেতা।
তবে বিষয়টি নিয়ে সালমানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অর্জুনকে খুব কমই চেনেন। ‘বিগ বস ৬’ এ তার আসার বিষয়টিও নিছক বাণিজ্যিক বলেই জানিয়েছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএন/এসএম/জানুয়ারি ০৬/১৩