বিনোদন খবর

মঞ্চে ফিরছেন অ্যাডেল

গর্ভবতী হওয়ার কারণে ২০১২ সালে মঞ্চে পরিবেশনা থেকে বিরত থাকলেও এ বছরের ফেব্রুয়ারি মাসে অস্কারের মঞ্চে পারফর্ম করার মধ্য দিয়ে আবারও জনসম্মুখে ফিরে আসবেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী পপ শিল্পী অ্যাডেল। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

এস শোবিজের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ২৪ ফেব্রুয়ারি ডলবি থিয়েটারে অনুষ্ঠিতব্য ৮৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ এবার জেমস বন্ড সিরিজের উদ্দেশ্যে সম্মান জানানো হবে। সেই আয়োজনেরই একটি অংশে অ্যাডেল পারফর্ম করবেন। মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স জানায় ২০১২ সালে জেমস বন্ড তাদের অর্ধশত বার্ষিকী পালন করেছে। আর সে উপলক্ষেই অস্কারে সিরিজটির উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করা হবে।

২৪ বছর বয়সি অ্যাডেলের গাওয়া ‘স্কাইফল’ গানটি সম্মান প্রদর্শনের একটি পর্যায়ে দেখানো হবে। অনেকেই ধারণা করছেন ৮৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট অরিজিনাল সং’-এর তালিকায় এবার মনোনয়ন পেতে যাচ্ছে অ্যাডেলের গাওয়া ওই টাইটেল সংটি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএন/এসএম/জানুয়ারি ০৬/১৩

| More