মুক্তি প্রতীক্ষিত কোনো ছবিই ‘বিগ বস’-এর চোখ এড়িয়ে যেতে পারে না। বলিউডি অভিনেত্রী আনুশকা শর্মাও পারেন নি। আর তাই শেষমেষ তিনি বিগ বসের সেটে সহ-অভিনেতা ইমরান খানের সঙ্গে হাজির হয়েছিলেন আরেক বলিউডি অভিনেতা সালমান খানের সঙ্গে দেখা করতে। খবর মিড ডের।
গুজব শোনা গেছে, ‘বিগ বস’ শোটির উপস্থাপক সালমান খানের সঙ্গে আনুশকার সম্পর্ক ঠিক ভালো যাচ্ছে না। মাধ্যমটি এ বিষয়ে জানায়, ‘আনুশকা বলিউডে তার যাত্রা শুরু করেন বলিউডি অভিনেতা শাহরুখ খানের সঙ্গে রাব নে মিলা দে জোড়ি সিনেমার মধ্য দিয়ে। সম্প্রতি তাকে আবারও শাহরুখের সঙ্গে যাব তাক হ্যায় জান সিনেমায় দেখা যায়। এ থেকে বোঝা যায় শাহরুখের সঙ্গে আনুশকার বেশ ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। আর তাই তার জন্য শাহরুখের চির শত্র“ সালমান খানের শোতে সিনেমার প্রচারণা চালানো কিছুটা কষ্টকরই বটে।’
মাধ্যমটি আরও জানায়, ‘সম্প্রতি বেশ কিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও আনুশকাকে সালমানের সঙ্গে সহজভাবে মিশতে দেখা যায় নি। এমনকি তার সহ-অভিনেতা ইমরান যখন সালমানের সঙ্গে কথা বলছিলেন তখনও এড়িয়ে গেছেন আনুশকা। সালমানও নিজে থেকে আনুশকার সঙ্গে কথা বলতে চাননি। শোনা গেছে, সাজিদ নাদিদওয়ালার একটি সিনেমায় সালমানের বিপরীতে তাকে কাজ করার জন্য অনুরোধ করা হলে তিনি কাজটি এড়িয়ে যান।’
যদিও সালমান এবং আনুশকা দু’জনেই যথেষ্ট সচেতন, সুতরাং তারা হয়তো বিষয়টি ভালোভাবেই আড়াল করতে পারবেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত শোটিতে কী হতে যাচ্ছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএম/জানুয়ারি ৫/১৩