বিনোদন খবর

ব্ল্যাকের গীতিকার জুবায়ের ইমনের মৃত্যুবরণ

চলে গেলেন বাংলাদেশের রক মিউজিক জগতের জনপ্রিয় গীতিকার, লেখক ও ব্লগার জুবায়ের হোসেইন ইমন। ৪ জানুয়ারি শুক্রবার ভোর আনুমানিক ২.৩০ মিনিটে শান্তিনগরে নিজ বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ডায়বেটিস এবং শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৪৫ বছর।

বাংলাদেশের রক মিউজিক জগতে জুবায়ের হোসেন ইমন জনপ্রিয়তার শীর্ষে আসেন, জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকের গান লিখে। ‘তুমি-আমি’র গতবাঁধা রীতি ভেঙ্গে জুবায়ের হোসেইন ইমনের লেখা গানগুলো ভিন্নধারার সৃষ্টি করে।

ব্ল্যাক ব্যান্ডের সদস্য জাহান বলেন, ‘ব্ল্যাক ব্যান্ডটির শুরু ইমন ভাইয়ের শান্তিনগরের বাসায়। ইমন ভাইয়ের লেখা গানগুলো প্রথাগত কোনো নিয়ম মানতো না, কিন্তু গভীরতায় ছিলো অসামান্য। ব্ল্যাকের প্রায় ৭০টি গানের মধ্যে ৬২টিই তার লেখা’।

গান লেখার পাশাপাশি বাংলাদেশের ব্লগ জগতের জনপ্রিয় তারকা ছিলেন জুবায়ের হোসেইন ইমন। ২০১১ সালে সেরা পাঠক প্রিয় ব্লগার ছিলেন তিনি।

শুক্রবার বাদ জুম্মা আমিনবাগ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর জনপ্রিয় ওই গীতিকার ও ব্লগারের মরদেহ দাফন করা হয় আজিমপুর কবরস্থানে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ/এসএম/জানুয়ারি ৫/১৩

| More