বিনোদন খবর

আবারও শীর্ষে অ্যাডেল

একই অ্যালবাম নিয়ে আবারও ‘বেস্ট সেলিং রেকর্ড’ এর টপ চার্টের শীর্ষে অবস্থান করছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। খবর জানিয়েছে জিনিউজ ব্যুরো।

‘দ্যা মিরর’ জানিয়েছে, অ্যাডেলের অ্যালবাম ‘টোয়েন্টি ওয়ান’ ২০১১ সালে পাঁচ কোটি আশি লক্ষ কপি বিক্রি হয়ে তালিকায় শীর্ষে থাকার পর ২০১২ সালে চার কোটি চল্লিশ লক্ষ কপি বিক্রি হয়েছে এবং সেই সঙ্গে আবারও ‘বেস্ট সেলিং অ্যালবাম’ এর তালিকায় দ্বিতীয়বারের মত শীর্ষে অবস্থান করছে।

সঙ্গীত জগতের ইতিহাসে এর আগে শুধুমাত্র প্রয়াত গায়ক মাইকেল জ্যাকসনের অ্যালবাম ‘থ্রিলার’ ১৯৮৩ এবং ১৯৮৪ সালে পরপর দুইবার টপচার্টে শীর্ষে অবস্থান করেছিলো।

জানা গেছে দুই বছর আগে অ্যালবামটি প্রকাশিত হলেও যুক্তরাজ্যে ২০১২ সালে অ্যালবামটির বিক্রি আরও ৭ লক্ষ ৮৬ হাজার কপি বৃদ্ধি পেয়ে সর্বমোট ৪ কোটি ৬০ লক্ষে পৌঁছেছে, যার ফলে অ্যাডেলের এই অ্যালবামটিকে সর্বকালের সেরা চারটি অ্যালবামের অন্যতম হিসেবে ধরা হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘এইচএমভি’ জানিয়েছে গত বড়দিনের মৌসুমে তারা ‘টোয়েন্টি ওয়ান’ অ্যালবামটির এক কোটিতম কপি বিক্রি করেছে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএম/জানুয়ারি৫/১৩  

| More