মুখে তারা যতোই বলুন, ‘আমরা শুধুই ভালো বন্ধু’, তাদের সাম্প্রতিক ঘটনাবলী কিন্তু সাক্ষ্য দেয় অন্য কিছুর। বলিউডি অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের গুজব চলছে সেই ২০০৯ সাল থেকে; সেই গুজবকে সত্য প্রমাণ করার আলামত পাওয়া গেল আরো একটি। আর তা হলো, নিউ ইয়র্কে ওই জুটির একত্রে ২০১৩ কে বরণ করে নেওয়ার ঘটনা। খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, লন্ডনে পরিবারের সঙ্গে বড়দিন কাটানোর পর ক্যাটরিনা উড়াল দেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আর সেখানেই তাকে দেখা যায় ‘বিগ অ্যাপেলে’র কাছে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় নতুন বছরকে স্বাগত জানাতে।
এর আগে ২০১২ তে বেশ কয়েকবার একত্রে দেখা গেছে ওই জুটিকে। রণবীরের জন্মদিনের পার্টি, দিওয়ালি পার্টি- সবখানেই দেখা গেছে ক্যাটের সরব উপস্থিতি। এমনকি ‘আদর্শ প্রেমিকা’র মতো রণবীরের জন্মদিনের পার্টির অতিথি তালিকাও এর আগের দিন নিজের হাতেই তৈরি করেন ক্যাটরিনা।
তবে এতোকিছুর পরও মিডিয়াতে কোনভাবেই নিজেদের ব্যাপারে মুখ খুলছেন না ওই জুটি। আর তাই ‘শুধুই ভালো বন্ধু’-এর এই মোড়কে রণবীর এবং ক্যাটরিনার সম্পর্ক এখন কোন দিকে মোড় নেয়- দেখার বিষয় সেটাই।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সাব্বির/এসএন/এসএম/জানুয়ারি ০৩/১৩