মডেল ও অভিনেতা নীরব এবার রয়েল এবং অনিক পরিচালিত ‘গেম’ নামের একটি নতুন সিনেমাতে অভিনয়ের জন্য দুবাই যাচ্ছেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন অমৃতা খান নামের এক নতুন মুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাকিয়া সৌখিন।
নির্মাতা সূত্রে জানা গেছে, অমৃতা এ লেভেল পড়ছেন। এমটি মিডিয়া অ্যান্ড ফিল্মসের প্রযোজনায় দুবাইয়ে ২০ দিন ছবিটির কাজ হবে। এজন্য ২৬শে জানুয়ারি দুবাই যাচ্ছেন নীরব ও অমৃতা।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে নীরব বলেন, ‘এই প্রথম সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুবাই যাচ্ছি। বেশ ভাল লাগছে। ২৬শে জানুয়ারি থেকে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত টানা শুটিং চলবে। আশা করি নতুন বছরে নতুন গল্পের একটি ছবি উপহার দিতে পারবো দর্শকদের।’
এদিকে অমৃতা জানান, তিনি এর আগে অন্য কোন নাটক বা সিনেমায় কাজ করেননি। কিছু ফটোশুটে অংশ নিয়েছিলেন। তবে নীরবের সঙ্গে কাজ করতে পেরে তিনি দারুণ আনন্দিত। সব কিছু মিলিয়ে তিনি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/জানুয়ারি ০১/১৩