সম্প্রতি, সবচেয়ে খারাপ হলিউডি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ভ্যাম্পায়ার সিরিজ ‘টোয়াইলাইট সাগা’। ক্রিস্টেন স্টুয়ার্ট এবং রবার্ট প্যাটিনসন অভিনীত সিনেমাটি ‘রিফট্র্যাক্স’ নামের একটি ওয়েবসাইটের ভোটে এ খেতাব অর্জন করে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
প্রায় ৫ লাখ সদস্যের অংশ গ্রহণে আয়োজিত এ ভোটে ৩৫ হাজারের বেশি ব্যবহারকারী ‘টোয়াইলাইট সাগা’ সিনেমাটিকে সবচেয়ে খারাপ সিনেমার কাতারে ফেলেন।
২৯ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ সিনেমাটি। খারাপ সিনেমার তালিকায় আরও স্থান পেয়েছে ‘ক্যাটওমেন’, ‘স্পাইডারম্যান ৩’, ‘সুপার মারিও ব্রাওস’ এবং ‘দি লাস্ট এয়ার বেন্ডার’।
চলতি বছরের নভেম্বরে মুক্তি পেয়েছে ‘টোয়াইলাইট’ সিরিজের সর্বশেষ সিনেমা ‘দি টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন-পার্ট ২’। সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আমেরিকায় প্রথম দিনেই বাজিমাত করা সিনেমার তালিকায় অষ্টম স্থান দখল করে নেয় এটি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএন/এসএম/ডিসেম্বর ৩১/১২