সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন সম্প্রতি দিল্লীতে গণধর্ষণের শিকার হওয়া মেডিকেল পড়ুয়া তরুণীটি। তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট তারকারা। খবর জি নিউজ ব্যুরোর।
নয়াদিল্লীতে গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সী মেয়েটি শনিবার ২৯ ডিসেম্বর ভোরবেলা মৃত্যুবরণ করেন। এর আগে চিকিৎসার জন্যও তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মেয়েটির মৃত্যুতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে শোক প্রকাশ করেছে বলিউডের অনেকেই। এসব টুইটে কেবল মেয়েটির আত্মার প্রতি শান্তি কামনার পাশাপাশি উঠে এসেছে দেশটির নিরাপত্তা ব্যবস্থার প্রতি তীব্র ধিক্কার। এরকম কিছু নির্বাচিত টুইট প্রকাশ করেছে জি নিউজ ব্যুরো।
সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চনের টুইট, ‘তার শরীর হয়তোবা চলে গিয়েছে, তবে তার আত্মা আমাদের হৃদয়কে সবসময়ই নাড়া দেবে!!’
গীতিকার এবং কবি জাভেদ আখতারের টুইট, ‘আমরা, যারা নারীদের সঙ্গে প্রতিনিয়ত ঘটে যাওয়া সহিংসতার নীরব সাক্ষী, আমরাও কি এ ঘটনার জন্য দায়ী নই?’
অভিনেত্রী সোনাম কাপুরের টুইট, ‘দয়া করে তার এই মর্মান্তিক মৃত্যু যেন বিফলে না যায়, সেদিকটি খেয়াল রাখুন।’
সোনাক্ষী সিনহা লেখেন, ‘মেয়েটি আসলে মারা যায়নি; সে এমন একটি জায়গায় চলে গিয়েছে, যেখানে তাকে আর কখনোই ধর্ষণের শিকার হতে হবে না। দুর্ভাগ্যজনকভাবে এই জায়গাটি আমাদের ‘মহান ভারতে’ কোথাও নেই।’
অভিনেতা অর্জুন রামপাল লেখেন, ‘আমানত, সে মরে গিয়ে আমাদের দেশের সবাইকে লজ্জায় মাথা নত করে দিয়ে গেলো। আশা করছি, সে যেখানে গিয়েছে, সেখানে তার আত্মা শান্তি খুঁজে পাবে।’
অক্ষয় কুমার তার ক্ষুব্ধ মন্তব্য প্রকাশ করে লেখেন, ‘আমাদের যোদ্ধা তার জীবনের যুদ্ধে হেরে গেলো। তার একটাই দোষ ছিলো; নিজের দেশের রাজধানীতে নিজেকে নিরাপদ মনে করেই সে রাতের বেলা একা বের হয়েছিলো। আমাদের ভারত সেদিনই স্বাধীন হবে, যেদিন নারীরা এখানে রাতেও নিরাপদে চলাচল করতে পারবে।’
এছাড়াও বিপাশা বসু, করণ জোহর, ফারাহ খানের মত আরও অনেক তারকা এই মর্মান্তিক ঘটনায় তাদের শোক প্রকাশ করেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএন/ওএস/ডিসেম্বর ২৯/১২