বিনোদন খবর

জন্মদিনে আদালত ছুটি দিল সালমানকে

২৭ ডিসেম্বর নিজের ৪৭তম জন্মদিনে আদালতে হাজির হবার কথা থাকলেও শেষ পর্যন্ত সেখানে যেতে হয়নি অভিনেতা সালমান খানকে। খবর এনডিটিভির।

২০০২ সালে মদ্যপান করে গাড়ি চালানোর ফলে মুম্বাইয়ের ব্যান্দ্রা এলাকায় একজনের মৃত্যু এবং চারজনের আহত হবার ঘটনায় আদালতে সালমানের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলাটির শুনানির জন্য ২৭ ডিসেম্বর আদালতে হাজির থাকার নির্দেশ থাকলেও সালমানের বোন আলভীরা, অর্পিতা এবং তার আইনজীবী আদালতে একটি বিশেষ আপিল করেন। যার ফলে আদালতে হাজির হতে হয়নি সালমানকে।

মামলাটিকে ‘অনিচ্ছাকৃত দুর্ঘটনা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ২০০৫ সালে বিচার শুরু হলেও এখন পর্যন্ত এর বিচার শেষ হয়নি। এখন আদালতের শুনানি ২০১৩ সালের জানুয়ারির ৩০ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএন/ওএস/ডিসেম্বর ২৭/১২

| More