বিনোদন খবর

'প্রজন্ম ৭১' : যুদ্ধাপরাধীদের নিয়ে তারেক মাসুদের গান

চলচ্চিত্র নির্মাতা প্রয়াত তারেক মাসুদ  ‘প্রজন্ম ৭১’ শিরোনামের একটি গান লিখেছিলেন ২০১১ সালে । যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ওই গানটি গেয়েছেন ও সুর করেছেন তানভীর আলম সজীব। ‘তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট’ এর উদ্যোগে তারেক মাসুদের  লেখা ২০টি গান নিয়ে 'তারেক মাসুদের গান' শিরোনামের অ্যালবামে এটি স্থান পেয়েছে।

অ্যালবামটির প্রকাশ উপলক্ষে ২২ ডিসেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে তারেক মাসুদের স্ত্রী ক্যাথেরিন মাসুদ বলেন, ‘আমরা মনে করি প্রজন্ম ৭১ গানটি খুব  প্রাসঙ্গিক। এর মাধ্যমেই আমরা তারেকের অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি । তার অংশ হিসেবেই এই উদ্যোগ।’

অনুষ্ঠানে ক্যাথেরিন আরো বলেন, ‘প্রকাশিত দু’টি সিডির  প্রথম সিডিতে রয়েছে তারেকের ভাবনার আধুনিক ১১টি গান এবং দ্বিতীয় সিডিতে রয়েছে তারেকের লেখা ৯টি 'মারফতি' গান। এর বেশ কয়েকটি গান ব্যবহার করার হয়েছে ‘মুক্তির গান’, ‘মাটির ময়না’সহ অন্যান্য চলচ্চিত্রে। বিভিন্ন প্রসঙ্গে তারেক বেশ কিছু গান লিখে গেছেন, যা গেয়েছেন মমতাজ, বিপুল ভট্টাচার্য, আনুশেহ ও লাকি আখন্দের মতো আলোচিত শিল্পীরা। এই অ্যালবামের তিনটি গান আমরা সম্প্রতি রেকর্ড করেছি, ‘বাউল বলতে বলো বোঝায় কারে’, ‘মন দিয়া পড় আসল মাদ্রাসায়’ এবং ‘প্রজন্ম ৭১’।’

তিনি বলেন,‘একই সাথে আমরা আনন্দিত ‘নরসুন্দর’-এর ডিভিডি বের করতে পেরে। এটি ভক্তদের অনেক আকাঙ্খিত ছিলো। আমরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরি করি ২০১০ সালে, যেখানে মিশুক মুনিরও আমাদের সাথে ছিলেন চিত্রগ্রাহক হিসাবে। এতে যুদ্ধাপরাধী ও ঘাতক দালালদের একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। ডিভিডিটিতে আনুসঙ্গিক আরো রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোকে চিত্রায়িত ‘একুশ’ এবং 'নরসুন্দর' নির্মাণ নিয়ে তারেক-মিশুককে স্মরণ করে একটি স্লাইড শো। এর পরিবেশক হিসাবে আমাদের সাথে আছে লেজার ভিশন।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/ডিসেম্বর ২৩/১২/১২

| More