চলতি বছরের শেষ দিনে কবি নির্মলেন্দু গুণ-এর কবিতা অবলম্বনে মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ মুক্তি দেওয়ার কথা থাকলেও এখন এর নির্মাতা আসছে বছরের আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।
এ বিষয়ে মাসুদ পথিক গ্লিটজকে বলেন ‘আমাদের বাঙালি চেতনার সঙ্গে মিশে আছে ২১ সংখ্যাটি। তাছাড়া বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পাবার দিনটিকেই আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তাই ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ এর মুক্তি দিতে চাই ২১ ফেব্রুয়ারিতে।’
মাসুদ আরো বলেন, ‘সিনেমাটির সম্পাদনার কাজ শেষ করে এনেছি। এখন কিছু কালার কারেকশন করা বাকি। এছাড়া শব্দের বিষয়টিও বারবার দেখছি। কেননা একটি সিনেমার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ।’
এদিকে সিনেমাটি জানুয়ারিতেই সেন্সর করাতে চান পরিচালক। তিনি বলেন, ‘পোস্ট প্রোডাকশনের কিছু কাজ করছি ভারতে। জানুয়ারিতে আরেকবার সেই কাজে ভারত যাবো। সেখান থেকে ফিরেই সিনেমাটি সেন্সরে জমা দিতে চাই। সেন্সর হওয়ার পরে ফাইনাল প্রিন্ট করাবো। এরই মধ্যে প্রচারণার কাজ কিছু কিছু শুরু করেছি। এখন ভালো একজন পরিবেশক খুঁজছি। যারা সারা দেশেই এর প্রদর্শনের কাজ করবেন।’
চলচ্চিত্রে কবির ভূমিকায় অভিনয় করেছেন কবি নির্মলেন্দু গুণ এবং কবির তরুণ বয়সের চরিত্রে সৈয়দ জুবায়ের। নেকাব্বরের চরিত্রে জুয়েল জহুর ও বাদল শহীদ এবং ফাতেমা চরিত্রে অভিনয় করছেন সিমলা। এতে আরো অভিনয় করেছেন প্রবীর মিত্র, মামুনুর রশীদ, অসীম সাহা, রেহানা জলি, এহসানুর রহমান, বেগম মন্টু, হাসি বুবু, শেখ সাহেদ আলী, সোহেল বয়াতি, কবিন্দ্র মল্লিক, হাসান আরিফ, ফারহানা শুচি, মহসিন খোন্দকার, মাসুম খান, কাশেম মাল, সঞ্জীব পুরোহিত, সৌমিত্র দেব, মাঈন মজুমদার, বাহার খান, মিতুল, হিমু, অমল রায় এবং পনের জন কবি।
এর সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান, মুশফিক লিটু, প্রিন্স মাহমুদ, সাইম রানা, ও মাহমুদ সেলিম। গান গেয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, বেলাল খান, পড়শী, প্রিয়াঙ্কা গোপ, সাইম রানা, দিদারুল করিম, বাপ্পিরাজ, বাদল শহীদ প্রমুখ। গান লিখেছেন মাসুদ পথিক, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, সাইম রানা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/এসএম/ডিসেম্বর ২৩/১২