বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ১৮তম জাতীয় সম্মেলন ২১ ও ২২ ডিসেম্বর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ‘জেগে আছি অহর্নিশ অতন্দ্র প্রহর, দেবো না গড়তে ঘাঁটি ভিড়তে নৌবহর’ স্লোগানকে সামনে নিয়ে এই সম্মেলনে ৩০টি শাখার কর্মীরা অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে ১৯ ডিসেম্বর উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও অষ্টাদশ জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক হাবিবুল আলম ।
তিনি বলেন, ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করবেন ১৯৯৯ সালে যশোরে অনুষ্ঠিত উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে মৌলবাদী অপশক্তির বর্বর বোমা হামলায় পঙ্গুত্ববরণকারী সহযোদ্ধা শিল্পী-কর্মী বন্ধুগণ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক উদ্বোধনের পর শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা মিলিত হবেন সম্মেলনের মূল ভেন্যু কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে। সেখানে উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এরপর শুরু হবে সাংগঠনিক অধিবেশন।
দু’দিনব্যাপী ওই সম্মেলনে প্রতিদিন সন্ধ্যা ৬টায় থাকবে নির্বাচিত জেলা সংসদ সমুহের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত, আবৃত্তি, নাটক, নৃত্য ও তথ্যচিত্র প্রদর্শনী। উদীচীর ১৮তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যে সকল জেলা ও বিশ্ববিদ্যালয় সংসদসহ দেশে এবং বিদেশে প্রায় তিনশ’ শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক প্রবীর সরদার, জামসেদ আনোয়ার তপন, সদস্য ডা. শামসুদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/ডিসেম্বর ১৯/১২/১২