বিনোদন খবর

পাকিস্তানে 'খিলাড়ী ৭৮৬' এর প্রচারণা নিষিদ্ধ

বলিউডি অভিনেতা অক্ষয় কুমারের মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা ‘খিলাড়ী ৭৮৬’ এর প্রচারণা সম্প্রতি পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সেন্সর বোর্ড। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

‘দ্যা ডন’ পত্রিকা জানায়, ‘খিলাড়ী ৭৮৬’ সিনেমাটির নামের সঙ্গে ‘৭৮৬’ থাকায় এর প্রচারণা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সেন্সর বোর্ড। কারণ ‘৭৮৬’ সংখ্যা তিনটি ইসলাম ধর্মে বিশেষ গুরুত্ব বহণ করে এবং ওই সিনেমাটির প্রচারণা পাকিস্তানের ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় মনোভাব ক্ষুণ্ন করতে পারে এই আশংকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনেমাটির সকল বিলবোর্ড নামিয়ে ফেলা হলেও সেন্সরবোর্ড থেকে সিনেমাটি পাকিস্তানের থিয়েটারগুলোতে প্রদর্শনের ছাড়পত্র পেয়েছে, তবে শেষমেশ সিনেমাটি পাকিস্তানে প্রদর্শিত হবে কিনা তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে পাকিস্তানের সেন্সর বোর্ডের প্রধান রাজা মুস্তাফা হায়দার বলেন, ‘সিনেমাটি যখন প্রদর্শনের আগে আমাদের হাতে এসে পৌঁছাবে তখনই আমরা সিদ্ধান্ত নেব এটি পাকিস্তানে প্রদর্শিত হবে কিনা।‘

হায়দার আরও বলেন, সেন্সরবোর্ড তার বিশেষ ক্ষমতাবলে সিনেমাটির নামের পরে  ‘৭৮৬’ বাদ দিয়ে সিনেমাটি পাকিস্তানে প্রদর্শনের জন্য ইতোমধ্যেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। তবে যদি সিনেমাটিতে কোনো ধরনের নেতিবাচক সংলাপ কিংবা দৃশ্য থাকে তবে সিনেমাটি প্রদর্শিত হবে না।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএম/ডিসেম্বর৫/১২

| More