বেশ কয়েকবার ঘোষণা দিয়েও আবার ফিরে আসা ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল আবার ঘোষণা দিয়েছেন ওয়ারফেইজ ছাড়ার।
সোমবার রাতে এমন ঘোষণা দেখা গেছে কমলের সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেইসবুক-এর পেইজ-এ। ওই ঘোষণায় লেখা হয়েছে, ‘প্রিয় বন্ধুরা, ওয়ারফেইজ-এর প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট কমল বলছি। অত্যন্ত দুঃখ নিয়ে আমি একটা ঘোষণা করছি, যা এখন থেকেই কার্যকর হবে। কিছু ব্যক্তিগত কারণে চিরজীবনের জন্য ওয়ারফেইজ ছাড়লাম আমি। তবে আমার সঙ্গীত চর্চা চালু থাকবে ‘অর্থহীন’ ও অন্যান্য প্রজেক্টের সঙ্গে। অতীত ও বর্তমানে আমার পাশে থাকার জন্য টিপু ও ‘ওয়ারফেইজ’ ব্যান্ডের সব সদস্যকে কৃতজ্ঞতা জানাই আমি। আর অবশ্যই ভক্তদের। তাদের উৎসাহ, উদ্যম দেখে আমি সত্যিই অবাক। আমারও ইচ্ছা, এর শেষ যেন না হয়, কিন্তু আমার পছন্দের কাজও শেষ করতে হবে আমাকে। চিয়ার্স!’
ওই ঘোষণাটি এমন সময়ে এসেছে যখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন কমল। ডান হাতের সমস্যার কারণে তিনি অনেক আগে থেকেই সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওই ঘোষণার বিষয়ে ‘ওয়ারফেইজ’-এর দলনেতা শেখ মনিরুল আলম টিপু গ্লিটজকে বলেন, ‘তার অসুস্থতার বিষয়টি সকলেরই জানা আছে। এছাড়াও আপনারা জানেন প্রায়ই এমন ঘোষণা দিচ্ছেন তিনি। আবার ফিরেও আসছেন, এটা আসলে তার অসুস্থতার কারণেই হচ্ছে। চিকিৎসকের পরামর্শে তাকে প্রায়ই সম্পূর্ণ বিশ্রামে যেতে হয়। তাই আমাদের অপেক্ষা করতে হবে তার দেশে ফিরে না আসা পর্যন্ত।’
কমল দেশে ফিরে আসলেই তার চিকিৎসকের পরামর্শ জেনে ‘ওয়ারফেইজ’ তাদের বক্তব্য দেবে বলে জানিয়ে টিপু আরো বলেন, ‘কমল দেশে ফিরে আসুক, আমরা তার সঙ্গে কথা বলি। এরপর তার শারীরিক অবস্থা জেনে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে। তবে জানিয়ে রাখা ভালো, ‘ওয়ারফেইজ’ কমলকে ছাড়া থাকতে চায়না কখনোই।’
কমল এমন ঘোষণা একাধিকবার দিলেও ফেইসবুক ও অন্যান্য অনলাইন যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
এ বিষয়ে কমলের ছোটভাই আল আমীন সোহাগ গ্লিটজকে বলেন, ‘বিষয়টা নিয়ে আমি নিজেও কিছুটা দ্বন্দ্বের মধ্যে আছি। অনেকের ফোন পাচ্ছি, অথচ রাতেও ভাইয়ার সঙ্গে কথা হয়েছে আমাদের। সেসময় তিনি এ নিয়ে কিছুই বলেন নি।’
সোহাগ আরো জানিয়েছেন, ‘ভাইয়ার ফেইসবুক পেইজটি তিনি ছাড়াও পরিচালনা করেন একাধিক এডমিন। নিশ্চিত হওয়ার জন্য আমি এখন টিপু ভাইয়ার সঙ্গে কথা বলতে যাচ্ছি।’
উল্লেখ্য, কমলের সঙ্গে এবার অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন খালেদ সুমনও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/এসএম/ডিসেম্বর ০৫/১২