বিনোদন খবর

'সানড্যান্স' এ 'জবস'

‘অ্যাপল’ এর সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনের ওপর নির্মিত আত্মজীবনীমূলক সিনেমা ‘জবস’ অবশেষে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে আমেরিকার ‘সান ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল’ এ। যেখানে অভিনয় করেছেন হলিউড অভিনেতা অ্যাশটন কুচার। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

অ্যাশটন কুচারের অভিনীত ‘জবস’ সিনেমাটি দর্শকের আগ্রহের বিষয় হয়ে রয়েছে গত এপ্রিল মাস থেকেই, অবশেষে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘সান ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল’ এর সমাপনী অনুষ্ঠানে সিনেমাটি প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে।

এ বিষয়ে ‘সান ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল’ এর প্রোগ্রামিং ডাইরেকটর ট্রেভর গথ বলেন, ‘আমরা জবস সিনেমাটিকে সমাপনী দিনে প্রদর্শনের জন্য বেছে নিয়েছি কারণ এতে অনুপ্রেরণা যোগানোর মতো অনেক কিছুই আছে। এখানে দেখা যাবে কিভাবে তিনি তার নিজের স্বপ্নের প্রতি বিশ্বস্ত থেকে শেষ পর্যন্ত স্বপ্নকে সত্যি করতে পেরেছেন, আমার বিশ্বাস অনেকেই এটা দেখে অনুপ্রানিত এবং আশাবাদী হবেন।’ 

এছাড়াও যে সকল সিনেমা প্রদর্শনীর তালিকায় রয়েছে তাদের মধ্যে নিকোল কিডম্যানের ‘স্টকার’ এবং ডাকোটা ফ্যানিঙ্গের ‘ভেরি গুড গার্লস’ উল্লেখযোগ্য। আরও রয়েছে রুপার্ট গ্রিনটের ‘দ্যা নেসেসারি ডেথ অফ চার্লি কান্ট্রি ম্যান’।

বিশ্বের ৩২ টি দেশের অংশগ্রহণে ‘সান ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারি মাসের ১৭ থেকে ২৭ তারিখ পর্যন্ত।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএম/ডিসেম্বর৫/১২

| More