১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তি পাচ্ছে মাসুদ আখন্দ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘পিতা’। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, কল্যাণ, শায়না আমিন প্রমুখ। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, সম্পাদনা ও কোরিওগ্রাফি করেছেন মাসুদ।
এর সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও এরশাদ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শাওন, চঞ্চল চৌধুরী, সায়ান, শাকিল, পান্থ কানাই, পলাশ, কণা ও তূর্য।
সেন্সর বোর্ডে থেকে জানানো হয়েছে, ‘মুক্তিযুদ্ধের কিছু ঘটনা চলচ্চিত্রটিতে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে, বিশেষ করে সাধারণ মানুষের ওপর নির্যাতনের দিকটি। পাশাপাশি রয়েছে নির্যাতিত মানুষের অনুভূতির কথা। আমরা মনে করছি, আজকের প্রজন্মের ছেলেমেয়েদের তা জানা উচিত। তাই বিনা কর্তনে সিনেমাটির ছাড়পত্র দেওয়া হয়েছে।’
এদিকে মাসুদ বলেন, ‘কৃতজ্ঞতা সবার প্রতি, বিশেষ করে আমার অভিনয় শিল্পী ও কারিগর শিল্পীদের। সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যদের কাছ থেকে যে সম্মান ও প্রশংসা পেয়েছি সেন্সরের দিন তা আমি কখনো আশা করিনি। বিশেষ করে নায়ক রাজ্জাক স্যার ও কবি কাজী রোজির বারবার বলা প্রশংসা বাক্য আমার সারা জীবন মনে থাকবে। ধন্যবাদ এই ভালবাসার জন্য। আর সিনেমাটি যেহেতু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি করেছি তাই এর মুক্তির জন্য শহীদ বুদ্ধিজীবী দিবসকেই বেছে নিচ্ছি।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/এসএম/ডিসেম্বর ০৩/১২