ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ‘ছবির হাট’ নিয়ে নির্মাণাধীন ধারাবাহিক নাটক ‘ছবির হাট’ এ এবার যুক্ত হলেন অভিনেতা সোয়েব ও অভিনেত্রী মৌসুমী নাগ। ইতোমধ্যেই মিশু সাব্বির, সাঈদ বাবু, নাফা, কল্যাণ, তুষার প্রমুখ এই নাটকে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আপেল মাহ্মুদ এর রচনায় এবং গাজী আপেল মাহমুদ এর পরিচালনায় নাটকটির শুটিং শুরু হতে যাচ্ছে ১৫ ডিসেম্বর থেকে।
এ প্রসঙ্গে মৌসুমী নাগ বলেন, ‘গাজী আপেল মাহমুদের সঙ্গে ছবির হাট নাটকে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। নাটকের গল্পটি চমৎকার। আশা করি খুব ভাল একটি কাজ হবে।’
নাটকটি সম্পর্কে নির্দেশক গাজী আপেল মাহমুদ বলেন, ‘এক বছর আগে ঘোষণা দিয়েও আমরা অনেক দেরিতে নাটকটির শুটিং শুরু করছি। আসলে নাটকটি ভালভাবে শুরু করার জন্যই এই দেরি। এখন পূর্ণাঙ্গভাবে আমরা প্রস্তুত হয়ে নাটকটির শুটিং শুরু করছি।’
আপেল আরও বলেন, ‘প্রতিটি পর্বেই নতুন চমক নিয়ে আসছে ছবির হাট। নাটকটি ইতোমধ্যেই একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারের জন্য চূড়ান্ত হয়েছে। পরিচালক শিগগিরি তা দর্শকদের জানিয়ে দেবেন।’
তিনি নাটকটির কাহিনী সম্পর্কে বলেন, ‘ছবির হাটকে কেন্দ্র করে গল্প আবর্তিত হলেও আমরা শুধুমাত্র ছবির হাটেই আবদ্ধ থাকব না। নাটকের চরিত্রগুলোর প্রাত্যহিক জীবনের আলাদা আলাদা সব ঘটনা, গল্প দেখাবো। নাটকটিতে হাস্য রসাত্মক ও সরল ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনাচরণ দেখানো হবে। এর মধ্য দিয়ে বেরিয়ে আসবে বর্তমান সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন ত্রুটি।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/এসএম/ডিসেম্বর ০৩/১২