বিনোদন খবর

কারিনার সাফল্যে সাইফের পার্টি

বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর অভিনীত ‘তালাশ’ সিনেমাটি মুক্তি পেয়েছে ৩০ নভেম্বর। এরইমধ্যে সিনেমাটিতে একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয়ের জন্য চারদিক থেকে প্রশংসা পেতে শুরু করেছেন তিনি। নিজের নবপরিণীতা স্ত্রীর এই সাফল্যে দারুণ খুশি অভিনেতা সাইফ আলি খান; পরিকল্পনা করছেন এই উদ্দেশ্যে একটি পার্টি আয়োজনের। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

সংবাদমাধ্যমটিকে এ ব্যাপারে কারিনা বলেন, ‘সাইফ এখনো লখনৌতে আছে নিজের সিনেমার শুটিংয়ে। তবে ও খুবই খুশি তালাশ নিয়ে আমাদের পরিবার এবং বন্ধুদের প্রতিক্রিয়া জানতে পেরে। ও এটা নিয়েও খুশি যে, বিয়ের পর এটিই আমার প্রথম মুক্তি পাওয়া বড় কোনো সিনেমা, এবং এর মাধ্যমে আমি প্রমাণ করেছি, এখন বিবাহিত অভিনেত্রীরাও বক্স অফিসের সমর্থন পেতে পারে।’

কারিনা আরো বলেন, ‘এটি নিয়ে আমরা দারুণ খুশি এবং সাইফ চাইছে পরিবার এবং কাছের বন্ধুদের নিয়ে ওই সাফল্য উদযাপনে একটি পার্টির আয়োজন করতে।’

রিমা কাগতি পরিচালিত ওই সিনেমার মাধ্যমে এক দশক পর আবারো যৌনকর্মীর চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন কারিনা। এর আগে এধরনের চরিত্রে তিনি অভিনয় করছিলেন ২০০২ এর সিনেমা ‘চামেলী’ তে। এ নিয়ে তিনি বলেন, ‘ব্যাপারটা খুবই মজার, চামেলীতে যখন আমি অভিনয় করেছিলাম, আমার বয়স ছিলো ২২। আর এখন আমার বয়স ৩২। এর মানে ঠিক ১০ বছর পর আমি এই চরিত্রে অভিনয় করলাম। ভাবতে ভালো লাগছে, এখনো দর্শকদের কাছে আমার আবেদন কমে যায়নি।’

আমির খান অভিনীত সিনেমাটিতে কারিনার সঙ্গে আরো অভিনয় করেছেন রানী মুখার্জি।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সাব্বির/এসএন/এসএম/ডিসেম্বর ০২/১২

| More