অভিনেত্রী রোজী সিদ্দিকী প্রথমবারের মতো একটি নাটকে একক ভাবে অভিনয় করছেন। 'পঞ্চনারী আখ্যান' শিরোনামের নাটকটি রচনা করেছেন হারুন রশীদ এবং নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। ঢাকা থিয়েটারের ৩৭ তম প্রয়োজনা ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে।
নির্দেশক শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সৃষ্টির সূচনা থেকে নারীর দাবি একটাই- কেবল নারী নয়, তার পরিচিতি হোক স্বাধীন মানুষ হিসেবে। বিত্তহীন, মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণী থেকে শুরু করে পেশাগত সব অবস্থানেই নারী সহস্র বছর ধরে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অন্যায়, বিভেদ আর বৈষম্যের শিকার হয়ে যাপন করছে মানবেতর জীবন। নারীর অধিকার নিয়ে কথা বলা হয় অনেক। কিন্তু পুরুষ শব্দের সমান অর্থবহ উচ্চারণে নারীর নামকরণ আদৌ হয় কি কোথাও? নিপীড়ন আর নির্যাতনের যাঁতাকলে কোনো না কোনোভাবে পিষ্ট হচ্ছে প্রতিটি নারী। এ বন্দিদশা থেকে মুক্তি পেতে নিরন্তর সংগ্রামে লিপ্ত বিশ্বের নারী। বৈষম্যের হাহাকারকে অতিক্রম করে কবে তারা স্বাধীন মানুষ হিসেবে নিজেকে অনুভব করতে পারবে- এ আর্তনাদই ধ্বনিত হয়েছে ‘পঞ্চনারী আখ্যান’ শীর্ষক নাট্যে।’
প্রযোজনাটির মঞ্চপরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সঙ্গীতপরিকল্পনা করেছেন শিমূল ইউসুফ, চন্দন চৌধুরী, পোশাক পরিকল্পনায় নাসরিন নাহার, আলোকপরিকল্পনায় ওয়াসিম আহমেদ এবং প্রযোজনা অধিকর্তা আছেন কামাল বায়েজীদ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/নভেম্বর ২৮/১১/১২