বিনোদন খবর

চলে গেলেন 'ডালাস' খ্যাত ল্যারি হ্যাগম্যান

হলিউডি টিভি সিরিজ ‘ডালাস’-এর জে আর ইউয়িং চরিত্রে অভিনয় করে খ্যাতিমান শিল্পী ল্যারি হ্যাগম্যান ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ৮১ বছর বয়সে ২৩ নভেম্বর মৃত্যুবরণ করেছেন । এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডালাস হাসপাতালে কণ্ঠনালীতে ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করেন তিনি। খবর ডেইলি মেইল-এর।

ল্যারির কণ্ঠনালীতে ক্যান্সার ধরা পড়ে ২০১১ সালের অক্টোবরে। এসময় তিনি নতুন করে ‘ডালাস’-এর জন্য শুটিংয়ের কাজ করছিলেন। সেসময় তিনি বলেছিলেন, ‘জে. আর. হিসেবে আমি সব কিছু করতে পারি, যেমন-ঘুষ নেওয়া, প্রতারণা করা, ব্যাভিচার ইত্যাদি। কিন্তু আমি নিজেও ধরা পড়েছি ক্যান্সারের কাছে। তবে সবাইকে জানাতে চাই, ক্যান্সারের ধরনটা বেশ স্বাভাবিক এবং নিরাময়যোগ্য। ডালাস-এর নতুন পর্ব শুটিংয়ের সময় আমি চিকিৎসা নেবো।’

শুটিংয়ের প্রতি ইঙ্গিত করে সেসময় ল্যারি আরো বলেন, ‘ভালোবাসার কাজ, জায়গা ও মানুষদের ছেড়ে আমি এখনই কোথাও যেতে চাই না। অন্ততপক্ষে, মনে রাখা উচিত, আপনি কখনো জে. আর.-কে হারাতে পারবেন না।’

কিন্তু ঠিকই ল্যারিকে চলে যেতে হলো। অবশ্য তার আগেই নতুন ‘ডালাস’-এর জন্য নতুনভাবে নিজেকে উপস্থাপনের কাজটি শেষ করে যেতে পেরেছিলেন ধড়িবাজ খলনায়ক হিসেবে খ্যাত জে.আর. ওরফে ল্যারি। নতুন ডালাস ২০১২ সালের জুন মাস থেকে টিভিতে সম্প্রচার শুরু হয়েছে। ১৯৭৮ সাল থেকে ডালাস সিরিজে অভিনয় শুরু করেন ল্যারি হ্যাগম্যান। ১৯৯১ সাল পর্যন্ত সিরিজটিতে টানা অভিনয় করেন তিনি।

ল্যারির মৃত্যুতে পারিবারিকভাবে বলা হয়েছে, ‘ল্যারি তার ভালোবাসার ‘ডালাস’-এ ফেরত এসেছেন, সেই অবিস্মরণীয় চরিত্রে আবার অভিনয় করেছেন। তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা ‘ডালাস’-এ অভিনয়ের জন্য তাকে নিয়ে থ্যাঙ্কসগিভিং হলিডে-র আয়োজন করেছিলো সেদিন। মৃত্যুর সময় প্রিয়জনরা প্রায় সবাই তার পাশে ছিলেন।’

ডালাসে ল্যারির স্ত্রী সুয়ে এলেন ইউয়িং এর ভূমিকায় অভিনয় করা লিন্ডা গ্রে ও ভাই ববির ভূমিকায় অভিনয় করা প্যাট্রিক ডাফি মৃত্যুকালে তার পাশে ছিলেন বলে জানিয়েছেন লিন্ডার এজেন্ট জেফরি লেইন।

এ বিষয়ে লেইন দি সানকে বলেন, ‘অনেকদিন ধরে একসঙ্গে কাজের সূত্রে তাদের মধ্যে স্থাপিত হয়েছে ৩৫ বছরের বন্ধুত্বের সম্পর্ক।’

ল্যারিকে শেষবার জনসম্মুখে দেখা যায় গত ১৫ নভেম্বর। সেদিন তিনি ডালাস শহরের লিসা ব্লু ব্যারন ভবনে গিয়েছিলেন, দাতব্য প্রতিষ্ঠান হোয়াইট ব্রাইডল সোসাইটি-এর অর্থ সংগ্রহের অনুষ্ঠানে।

ল্যারি হ্যাগম্যান ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর টেক্সাসে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে দীর্ঘস্থায়ী বিবাহ সম্পর্কের অধিকারী ছিলেন ল্যারি। তিনি ১৯৫৪ সালে বিয়ে করেন অভিনেত্রী ম্যাজ অ্যাক্সেলনকে। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় হেইডি ক্রিস্টিনা (১৯৫৮) ও প্রেসটন (১৯৬২) নামে দু’সন্তান।

ল্যারির অভিনীত জনপ্রিয় কাজের মধ্যে উল্লেখ্যযোগ্য - টিভি সিরিয়াল ‘আই ড্রিম অফ জেনি’ (১৯৬৫)-এ অ্যান্থনি নেলসন, ‘হ্যারি অ্যান্ড টন্টো’ (১৯৭৪) সিনেমায় এডি কমবাস, ‘ডেডলি এনকাউন্টার’ (১৯৮৪) সিনেমায় স্যাম চরিত্র। মূলত টিভি অভিনেতা ল্যারির টিভি অধ্যায় শেষ হয় ‘ডেসপারেট হাউসওয়াইভস’ (২০১০)-এর অতিথি শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে।

টিভি সিরিয়াল ‘ডালাস’-এ অভিনয়ের সুবাদে ল্যারি সুইডেন, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে পুরস্কার লাভ করেন। ৫১ বছরের টিভি অভিনয় জীবনে তার ঝুলিতে জমা পড়ে ১৩টি পুরস্কার।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/এসএম/নভেম্বর ২৪/১২

| More