২২ নভেম্বর, বুধবার থেকে ব্যান্ড ‘শিরোনাহীন’ নিজেদের অপ্রকাশিত অ্যালবাম ‘শিরোনামহীন’-এর গান ‘আবার হাসিমুখ’-এর মিউজিক ভিডিও নির্মাণ শুরু করবে বলে জানিয়েছেন দলের প্রধান ও বেইজিস্ট জিয়াউর রহমান জিয়া।
মিউজিক ভিডিও নির্মাণ নিয়ে জিয়া গ্লিটজকে বলেন, ‘২২ নভেম্বর থেকে আমরা শুটিং শুরু করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে। সেখানে আমাদের লাইভ পারফরমেন্সের দৃশ্য ধারণ করা হবে।’
পুরো সপ্তাহ জুড়েই শুটিং চলবে জানিয়ে জিয়া আরো বলেন, ‘লাইভ পারফরমেন্সের দৃশ্যটি ভিডিওর মূল কাহিনীর অংশ মাত্র। ঐদিনের পর থেকে আমরা একটানা তিন দিন শুটিং করবো, এরপর মাঝে একদিন বিরতি থাকতে পারে।’
গানটির মূল কাহিনী নিয়ে জিয়া বলেন, ‘গানটির প্রথম দৃশ্যে দেখা যাবে একটা চরিত্র উঁচু বিল্ডিং থেকে আত্মহত্যার জন্য নীচে ঝাঁপ দিয়েছে। পর্দায় দেখা যাবে সে নীচে পড়ে যাচ্ছে, সেসময় নগর জীবনের নানা আয়োজন দিয়ে সাজানো বিল্ডিংয়ের ফ্লোর দেখতে পাবে। মাটি ছোঁয়ার আগ পর্যন্ত এ দৃশ্যটুকু স্লোমোশনে দেখানো হবে। গানটির শেষ দৃশ্যে মাটিতে পড়ে চরিত্রটির মৃত্যু হবে।’
ভিডিওটি নির্মাণের সার্বিক পরিকল্পনা ও পরিচালনার দায়িত্ব পালন করছেন জিয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘আগের ভিডিওগুলোতে অন্যরা পরিচালনা করলেও এবার নিজেই এই গানটির পরিচালনা করছি। এর সার্বিক পরিকল্পনাও আমার করা। তবে দলের অন্যরাও সেই পরিকল্পনায় অংশ নিয়েছেন। আর ভিডিও নির্মাণে আমাকে সহযোগিতা করছেন আমার বন্ধু তানিম রহমান অংশু।’
জিয়া আরো বলেন, ‘ইতোমধ্যে আমাদের একটা নিজস্বতা গড়ে উঠেছে। তাই চিন্তা-চেতনা ও পরিকল্পনার দিক থেকে এর বাইরে কিছু করতে পারিনা আমরা, চাইও না। আর যাতে এর বাইরে যেতে না হয় তার জন্য ভিডিও পরিচালনার দায়িত্বটা ইচ্ছে করে নিজেই নিয়েছি।’
প্রতিষ্ঠিত ব্যান্ড ‘শিরোনামহীন’ নিজেদের সেল্ফ টাইটেল্ড অ্যালবাম তৈরির কাজ শুরু করেছে প্রায় দু’বছর। অ্যালবামের জন্য তৈরি করা হয়েছে অন্তত ১৬টি গান। তবে অ্যালবামের জন্য নিশ্চিত করা হয়েছে তাদের প্রথম ব্যান্ড অ্যালবাম ‘জাহাজী’-এর এবং সর্বাধিক শ্রোতাপ্রিয় ও জনপ্রিয় গান ‘হাসিমুখ’-এর সিকুয়েল ‘আবার হাসিমুখ’।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/এসএম/নভেম্বর ২১/১২