বিনোদন খবর

নিজেকে নিয়ে ভাবি না : সোনাম

নিজেকে কখনওই খুব একটা গুরুত্বের সঙ্গে নেন না বলে জানালেন বলিউডি অভিনেত্রী সোনাম কাপুর। আর তাই মাঝে মধ্যেই বেফাঁস কথা বলে ফেলেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

এ বিষয়ে ‘এনা’ ফিল্মের ক্যাপিটাল লঞ্চ অনুষ্ঠানে সোনাম বলেন, ‘আমি কখনওই কোনো কিছু নিয়ে বেশি ভাবি না। আর বরাবরই সমালোচক এবং মিডিয়া আমার কথার ভুল অর্থ খুঁজে বেড়ায়। অথচ আমি ভালো মনেই কথাগুলো বলে থাকি। আমি যা মনে করি তাই বলি। কখনওই আলোচনা সৃষ্টি করার জন্য বলি না।’

বলিউডি অভিনেতা অনীল কাপুরের ২৭ বছর বয়সি কন্যা সোনাম জানান, ৫ বছর আগে রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় লীলা বনসালীর ‘সাওয়ারিয়া’ সিনেমার মধ্য দিয়ে তিনি টিনসেলে যাত্রা শুরু করেন। যদিও এটি ব্যবসা সফল হতে পারে নি। তবে তিনি মনে করেন তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন।

তিনি বলেন, ‘মিডিয়ায় ‘সাওয়ারিয়া’ নিয়ে অনেক কথা আমি শুনেছি। অনেকেই বলেছিলেন নতুন হিসেবে আমার ওই সিনেমাটি করা ঠিক হয়নি। তবে আমার কোনো আক্ষেপ নেই। ফিওদর দস্তয়েভস্কির ‘হোয়াইট নাইট’ গল্প অবলম্বনে করা হয়েছিলো সে সিনেমাটি আর সেটি আমার প্রিয় একটি গল্প। পাশাপাশি আমার সঙ্গে ছিলেন ছোটবেলার বন্ধু রণবীর এবং খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা বনসালী। আমি তাতেই খুশি।’

জীবনে সমালোচনার গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে সোনাম বলেন, ‘আমি মনে করি সমালোচনার প্রয়োজন আছে। কাজের বিচার করার জন্যই সমালোচনা দরকার। আমি যেমন চিন্তা তেমনি যে সবাই ভাববে তা তো নয়। সিনেমা নিয়ে সমালোচকদের কথা অবশ্যই গুরুত্বপূর্ণ।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএম/নভেম্বর ২১/১২

| More