বলিউডের বচ্চন পরিবারের কনিষ্ঠ সদস্য আরাধিয়া বচ্চনের জন্মদিন পালিত হলো ১৭ নভেম্বর। বাবা অভিষেক বচ্চন এবং মা ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে নিজের প্রথম জন্মদিনটি বেশ আনন্দের সঙ্গেই কাটিয়েছিল আরাধিয়া, সেটা বোঝা গিয়েছে যখন দাদা অমিতাভ বচ্চন টুইটারে বাবা-মায়ের সঙ্গে আরাধিয়ার একটি ছবি পোস্ট করেন। খবর এনডিটিভির।
পূর্বপরিকল্পনা অনুযায়ী পারিবারিকভাবেই একমাত্র কন্যা আরাধিয়ার প্রথম জন্মদিনটি উদযাপন করেছিলেন অভিষেক এবং ঐশ্বরিয়া, তবে পরবর্তীতে আরাধিয়ার দাদা অমিতাভ বচ্চন টুইটারে বাবা-মায়ের সঙ্গে হাস্যোজ্জ্বল আরাধিয়ার জন্মদিনের একটি ছবি পোস্ট করেন। সেই সঙ্গে অমিতাভ আরও লেখেন, ‘বাবা-মায়ের সঙ্গে তার প্রথম জন্মদিনে আরাধিয়া। সবাইকে ভালোবাসা’।
এর আগে অমিতাভ টুইট করেন, ‘আরাধিয়ার প্রথম জন্মদিন! অনেকগুলো ঝামেলাপূর্ণ সন্ধ্যা কাটানোর পর শুধু পরিবারের সদস্যরা এবং শান্তি ও নীরবতা। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা!’
এছাড়াও ১৭ নভেম্বর সকালে অমিতাভ বচ্চন তার ফেইসবুক পেজে লেখেন, ‘আরাধিয়াকে তার প্রথম জন্মদিনে আশীর্বাদ করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি তাকে এই বিষয়টি জানাবো যেন সে পরবর্তী প্রজন্মে ওই স্মৃতিটি ধরে রাখতে পারে, সে যেন বড় হয়ে এগুলো পড়তে পারে তাই এই শুভেচ্ছাবার্তাগুলো রেখে দেওয়া হবে। আমার ভালোবাসা এবং মঙ্গলকামনা রইল সবার জন্য।‘
অভিষেক বচ্চনের কোলে আরাধিয়ার একটি ছবিও পোস্ট করেন অমিতাভ। ছবিতে তিনি লেখেন, ‘প্রথম জন্মদিনে বাবার সঙ্গে আরাধিয়া। সবাইকে ভালোবাসা এবং আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।’
জন্মদিনের উপহার হিসেবে কী কী পেয়েছে আরাধিয়া, তা ভালো করে জানা না গেলেও এনডিটিভি জানিয়েছে লাল রঙের একটি ‘মিনি কুপার’ গাড়ি কন্যাকে উপহার দিয়েছেন বাবা অভিষেক বচ্চন। যদিও নিজের হাতে গাড়িটি চালাতে অনেক বছর লেগে যাবে আরাধিয়ার, তবে জন্মদিনে দাদা-দাদির সঙ্গে গাড়িটিতে চড়ে মুম্বাই বেড়িয়েছে সে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএন/এসএম/নভেম্বর ১৮/১২