গোয়াতে অনুষ্ঠিত ভারতের ৪৩ তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন বলিউডি অভিনেতা অক্ষয় কুমার। ১০ দিন ব্যাপী এ চলচ্চিত্র উৎসবে ৭০ টি সিনেমা প্রদর্শিত হবে। খবর জি নিউজ ব্যুরোর।
চলচ্চিত্র উৎসবের পরিচালক শঙ্কর মোহন জানান, ‘পানাজির ফুটবল স্টেডিয়ামে এই উৎসবের উদ্বোধন করবেন অক্ষয় কুমার। প্রায় সাড়ে ৭ হাজার প্রতিনিধি এবং ৪ শ’ মিডিয়া ব্যক্তিত্ব ইতোমধ্যে অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেছেন।’
তিনি জানান ‘এ অনুষ্ঠানে চলচ্চিত্র প্রতিযোগিতায় ১৫ টি সিনেমার পাশাপাশি ভারতের দু’টি আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমাও থাকবে। আন্তর্জাতিক সিনেমার পাশাপাশি পাঞ্জাবী সিনেমা অনহে ঘোদে দা দান এবং বাংলা সিনেমা ইলার চার অধ্যায়ও এ প্রতিযোগিতায় প্রদর্শিত হবে।’
মোহন আরও জানান, ‘অন্যান্য তারকার সঙ্গে টাবু এবং ইরফান খানও উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন। প্রথম দিন ‘লাইফ অফ পিআই’ সিনেমাটি প্রদর্শিত হবে।’
উক্ত অনুষ্ঠানে প্রদর্শনের জন্য ২৭ টি সিনেমা, ৫৬ টি প্রামাণ্যচিত্র এবং নির্বাক ছায়াছবি নির্বাচিত হয়েছে। ২০ নভেম্বর ১০ দিনব্যাপী ওই অনুষ্ঠানের সূচনা হবে।
বিডিনিউজটোয়েটিফোরডটকম/অদ্বিতী/এসএম/নভেম্বর ১৭/১২