বিনোদন খবর

সুভাষ দত্ত-এর স্মৃতি সংরক্ষণ করবে এফডিসি

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ও অভিনীত সিনেমা, তার আঁকা সিনেমার পোস্টার, তার ব্যক্তিগত এবং পরিবারিক ছবি, পত্র-পত্রিকা-টেলিভিশনে তার দেওয়া সাক্ষাৎকার  এবং খবরা-খবরসহ যাবতীয় বিষয় সংরক্ষণ করবে বিএফডিসি।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীষূষ বন্দ্যোপাধ্যায় গ্লিটজকে বলেন, ‘সুভাষ দত্ত সম্পর্কিত সবকিছু এফডিসির পক্ষ থেকে সংরক্ষণ করা হবে। কিন্তু মন্ত্রীমহোদয় তাকে নিয়ে যে একটি জাদুঘর  তৈরি করার কথা বলেছেন সে বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না। ২০ নভেম্বর এফডিসিতে সুভাষ দত্ত স্মরণে একটি সভার আয়োজন করা হবে।’

সুভাষ দত্ত ১৬ নভেম্বর সকাল ৭টায় ৮২ বছর বয়সে  বার্ধক্যজনিত কারণে রাজধানীর রামকৃষ্ণ মিশনের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ১৭ নভেম্বর  সকাল ১১টায় তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং  বিকেল ৩টায় তাকে এফডিসিতে আনা হয়েছিলো শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। ১৮ নভেম্বর  সন্ধ্যায় পোস্তগোলা শ্মশানে এ বরেণ্য চলচ্চিত্রকারের শেষকৃত্য হবে বলে পারিবারিক সূত্র জানায়।

সুভাষ দত্ত ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরে  জন্মগ্রহণ করেন। মঞ্চেও অভিনয় করেছেন সুভাষ দত্ত। ১৯৭২ সালে আরণ্যক নাট্যদলের প্রযোজনায় ‘কবর’ নাটকে প্রথম মঞ্চে অভিনয় করেন তিনি। কৌতুক অভিনেতা হিসেবে প্রশংসা কুড়িয়েছেন এ চলচ্চিত্র ব্যক্তিত্ব। সুভাষ দত্তের নির্মাণ করা প্রথম ছবি ‘সুতরাং’ মুক্তি পায় ১৯৬৪ সালে। এরপর আবির্ভাব, নৌকা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, পালাবদল, ফুলশয্যা, আকাংক্ষা, বসুন্ধরা, আয়না ও অবশিষ্ট, ডুমুরের ফুল, বিনিময়, সকাল সন্ধ্যা ও আলিঙ্গনসহ বহু দর্শক-নন্দিত সিনেমা পরিচালনা করেন তিনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/নভেম্বর ১৭/১১/১২

| More