বিনোদন খবর

রেকর্ড ভাঙতে পারে 'যাব তাক হ্যায় জান': আমির

প্রয়াত বলিউডি পরিচালক ইয়াশ চোপড়া পরিচালিত সর্বশেষ সিনেমা ‘যাব তাক হ্যায় জান’ বলিউডের এ যাবতকালের সব রেকর্ড ভাঙতে সক্ষম বলেই মনে করছেন বলিউডি অভিনেতা আমির খান। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বলিউডের প্রথম সারির তারকাদের উপস্থিতিতে ১২ নভেম্বর অনুষ্ঠিত হয় ‘যাব তাক হ্যায় জান’ সিনেমার প্রিমিয়ার। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান, শাহরুখ খান, সালমান খান এবং আরও অনেকে।

অনুষ্ঠানের পর আমির সাংবাদিকদের বলেন, ‘ এটি ইয়াশ চোপড়া পরিচালিত সর্বশেষ সিনেমা। বলিউড তাকে সারাজীবন মনে রাখবে। আমি প্রার্থনা করি যেন সিনেমাটি বড় ধরনের সাফল্য অর্জন করে। বক্স অফিসের এ যাবতকালের রেকর্ড ভেঙে যেন ‘যাব তাক হ্যায় জান’ শীর্ষ স্থানটি দখল করতে পারে।’

তিনি আরও বলেন, ‘পুরো টিনসেল ইন্ডাস্ট্রির মধ্যে ইয়াশ জি ছিলেন অনন্য। আর কারো পক্ষে তার মতো করে সিনেমায় রোমান্স ফুটিয়ে তোলা সম্ভব বলে আমি মনে করি না।’

শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা অভিনীত ‘যাব তাক হ্যায় জান’ সিনেমাটি ১৩ নভেম্বর ভারতব্যাপী মুক্তি পেয়েছে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএম/নভেম্বর ১৪/১২

| More