ফ্যাশন জগতে ভারতের রজতজয়ন্তী উপলক্ষ্যে ‘ইন্ডিয়া ফ্যান্টাসটিক’ নামের একটি বই লিখেছেন ডিজাইনার আবু জানি এবং সন্দিপ খোসলা। ভারতে ১৮ অগাস্ট এটির মোড়ক উন্মোচন করবেন বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন। অন্যদিকে ৫ সেপ্টেম্বর লন্ডনে আরেকটি অনুষ্ঠানে একই বইয়ের মোড়ক উন্মোচন করবেন বৃটিশ সিনিয়র অভিনেত্রী জুডি ডেঞ্চ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
অমিতাভ এবং জুডি দু’জনই আবু জানি এবং সন্দীপ খোসলার ফ্যাশন হাউজ ‘ডুয়ো’-এর নিয়মিত গ্রাহক। আর তাই তাদের দিয়েই বইটির মোড়ক উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছেন ডিজাইনারদ্বয়।
বইটি নিয়ে খোসলা বলেন, ‘আড়াই বছর কাজ করার পর আমরা বইটি বাজারে ছাড়ছি। আবু এবং আমি কঠোর পরিশ্রম করে তারপর বইটি লিখেছি। এর মূল উদ্দেশ্য ছিলো, এমন আনন্দের সময়টি ভালোভাবে উদ্যাপন করা। তাছাড়া আগামী ২৫ বছর আমরা কিভাবে আমাদের সৃজনশীলতা দিয়ে আমাদের ভোক্তাদের খুশি করতে চাই, সে বিষয়গুলোও এ বইয়ে তুলে ধরা হয়েছে।’
জানা গেছে, ভারতের ফ্যাশন জগতের প্রতি সম্মান জানিয়ে বইটি সাজানো হয়েছে। এর প্রথম ভলিউমে থাকছে গত ২৫ বছরে ‘ডুয়ো’-এর ডিজাইন এবং তার বিস্তারিত বর্ণনা। আর দ্বিতীয় ভলিউমে থাকছে ঘর সাজানোর ডিজাইন।
বইটি উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে থাকছে তিন দিনব্যাপী ‘ডুয়ো’-এর ডিজাইনার পোশাক এবং ঘর সাজানোর সরঞ্জামের প্রদর্শনী।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএন/ওএস/এইচবি/অগাস্ট ১২/১২