সম্প্রতি পুবাইলের একটি লোকেশনে শুটিং করার সময় কুকুরের তাড়ায় বিপর্যস্ত হলেন সিনিয়র অভিনেতা এটিএম শামসুজ্জামান। ঈদের বিশেষ নাটক ‘কুত্তা চোর’-এর শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে পরিচালক দীপু হাজরা নাটকের শুটিং বন্ধ করতে বাধ্য হন।
এ বিষয়ে দীপু জানিয়েছেন, ‘এই নাটকের কাহিনী গড়ে উঠেছে একজন কুকুর চোরকে নিয়েই। নাটকের প্রয়োজনেই আমরা ঢাকা থেকে দু’টি বিশাল আকৃতির শেফার্ড ও একটি রুম ডক নিয়ে লোকেশনে যাই। নাটকে এ.টি.এম শামসুজ্জামানের কুকুরকে মাংস খাওয়ানোর দৃশ্য ছিলো। আমরা এজন্য সেট তৈরি করছিলাম। ক্যামেরা রেডি, এ.টি.এম শামসুজ্জামান একটি বাটিতে মাংস নিয়ে এগিয়ে যাচ্ছেন। কথা ছিলো, শেফার্ড দু’টো চেইন দিয়ে বাঁধা থাকবে। বাটি থেকে কিছু মাংস কুকুরদের সামনে পড়তেই একটি কুকুরের চেইন খুলে যায়। সেটি দৌড়ে আসে এ.টি.এম শামসুজ্জামানের দিকে। এরপর সবাই কুকুরের ভয়ে চারদিকে ছোটাছুটি শুরু করে। উপায় না দেখে শুটিং বন্ধ করতে বাধ্য হই।’
দীপু আরও জানিয়েছেন, ‘এতে এ.টি.এম শামসুজ্জামান কিছুটা ভড়কে যান। তিনি শারীরিক ভাবেও অসুস্থ অনুভব করছিলেন। তাই বাধ্য হয়ে ওই শিফটে আর ক্যামেরা ওপেন করতে পারিনি।’
দুর্ঘটনা প্রসঙ্গে কুকুরের কেয়ারটেকার জানান, এ ধরনের কুকুরদের আমরা সাধারণত প্রসেসিং ছাড়া মাংস খেতে দেই না। শুটিংয়ের বিষয় হওয়ায় অতোটা খেয়াল করা সম্ভব হয়নি। আর মাংস দেখে লেসি নামের কুকুরটি ক্ষিপ্ত হয়ে কাছে আসার চেষ্টা করে। আমার নিজেরও কিছু ভুল ছিলো। অসাবধানতাবশত শেকল বাঁধাটাও শক্ত হয়নি।’
শামসুজ্জামানের গল্প থেকে নাটকটি পরিচালনা করছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শামসুজ্জামান ছাড়াও গোলাম ফরিদা ছন্দা, সামি, মাসুদ রানা মিঠু, ফারজানা রুবা, ফাইজা মেহতাব, শাহলা ইসলাম তমা, টুলু, সৈকত প্রামানিক, বিনয় ভদ্র প্রমুখ।
একুশে টেলিভিশনের প্রযোজনায় নির্মিত কুত্তাচোর নাটকটি ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/ওএস/জুলাই ২৮/১২