মহাকাল নাট্য স¤প্রদায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ অবলম্বনে তৈরি ‘নিশিমন-বিসর্জন’ নামে একটি মঞ্চনাটক নিয়ে পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছে ১ অগাস্ট। আনন জামান-এর নব নাট্যায়নে দলের ২৭তম প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন।
দল প্রধান মীর জাহিদ হাসান বলেন, ‘ভারতের নাটকের দল ‘ঋত্বিক’ আয়োজিত ‘রবীন্দ্র নাটকে দুই বাংলা’ শীর্ষক রবীন্দ্র নাট্যমেলায় ৩ অগাস্ট বহরমপুর রবীন্দ্র সদনে নাটকটির প্রথম প্রদর্শনী হবে। কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটকটির আরেকটি প্রদর্শনী হবে ৫ অগাস্ট। ৩০ জনের দল নিয়ে ৩১ অগাস্ট রাতে ঢাকা ত্যাগ করবো আমরা।’
জাহিদ আরো জানান, নাটকটিতে অভিনয় করছেন মীর জাহিদ হাসান, কাজী তামান্না হক সিগমা, উজ্জ্বল আচার্য্য, উৎপল চক্রবর্তী, হাবিবুর রহমান হাবিব, মো. শাহনেওয়াজ, এম. এ. আজাদ, পলি বিশ্বাস, আরিফ হোসেন, হাসান আল মামুন, বিথুন আহমেদ, রওশন জান্নাত, কামরুজ্জামান সবুজ, ইকবাল চৌধুরী, সামসুল আলম, সৈয়দ ফেরদৌস ইকরাম, অনুজ শরিফ, বাহার সরকার, আশু আশরাফ, আদিত্য মামুন, তৌসিফ আহমেদ, নিভেল হাওলাদার, তৌহিদুল ইসলাম টিটো, আবুল কালাম আজাদ, রাসেল আহমেদ ও অন্তর সাহা।
নাটকটির প্রথম প্রদর্শনী হয় ৬ জুন ২০১১ সালে। ইতোমধ্যে দেশ-বিদেশে নাটকটির ২৬টি প্রদর্শনী হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় নাটকটি নির্মিত হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/ওএস/এইচবি/জুলাই ২৬/১২