বিনোদন খবর

ভাইয়ের সিনেমায় সোনাক্ষী

নিজের প্রথম দুই সিনেমা দিয়ে এরই মধ্যে বলিউডের বক্স অফিসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এবার তার ভাই কুশ সিনহাও আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন তার অভিষেকের। পরিচালক হিসেবে কুশের আত্মপ্রকাশের এই সিনেমার প্রধান নারী চরিত্রে থাকবেন সোনাক্ষীই। এ ছাড়া সিনেমার আরেকটি চরিত্রে দেখা যাবে তার আরেক ভাই লবকেও। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।

সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুশ নিজেই। তিনি বলেন, ‘এটাতো কমন সেন্সের ব্যাপার। বাড়িতেই যখন দু-দু’জন অভিনয়শিল্পী রয়েছে, তখন আমার সিনেমায় অন্য কাউকে নেব কেন? সিনেমাটি সামনের বছরে শুরু করার চিন্তা রয়েছে।’

সিনিয়র অভিনেতা এবং অভিনেত্রী শত্রুঘ্ন এবং পুণম সিনহার ছেলে কুশ এর আগে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন সঞ্জয় লীলা বনসালির ‘সাওয়ারিয়া’ এবং অভিনব কশ্যপের ‘দাবাং’ সিনেমায়। তার ভাই লব কে প্রথমবারের মতো দেখা গিয়েছিলো ২০১০ সালের বলিউডি সিনেমা ‘সাদিয়া’তে।

কুশ অবশ্য তার পরিচালনায় এই প্রথম সিনেমাটি সম্পর্কে বিস্তারিত কিছুই আর জানাননি। তার ভাষ্যে, ‘এতো আগেভাগে এই সিনেমা নিয়ে বলার কিছু নেই। সিনেমাটি যদি এখন তৈরি করতাম, তবে এটি নিয়ে কিছু বলতাম। এখন তো কেবল এর চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। একটা সিনেমা বানাতে অনেক সময় লাগে, তাই এটি নিয়ে পরেই কথা বলবো।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএন/ওএস/এইচবি/জুলাই ০৭/১২

| More